শরীয়তপুর, ফ্রেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুর ও পার্শ্ববর্তী চাঁদপুরের কয়েকটি এলাকার সীমানা নিয়ে বিদ্যমান বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার একটি কমিটি করা হয়েছে।
কমিটিকে আগামী ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাইমিচর, নারায়নপুর, উত্তর চর নারায়নপুর এবং চাঁদপুরের ঈষাণবালা, চর ঈষাণবালা ও মিয়ারচর মৌজার সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জেরে ফসল কাটার সময় এসব এলাকার লোকজনের মধ্যে কয়েক দফা দাঙ্গা-হাঙ্গামায় খুনের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার বিকালে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শরীয়তপুর ও চাঁদপুর জেলার সীমানা বিরোধ নিষ্পত্তি লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, প্রায় তিন ঘণ্টা আলোচনা শেষে কাগজপত্র যাচাইবাছাইর জন্য দুই জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে ১৬ সদস্যের একটি কমিটি করা হয়।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক হোসেন ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলামকে আহবায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন- দুই জেলার কানুনগো, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা।
কমিটিকে হালনাগাদ ও আগের তিনটি ভোটার তালিকা, ইউনিয়ন ভূমি কার্যালয়ের নথি, সিএস ও আরএস জরিপের কাগজপত্র যাচাই-বাছাই করে আগামী ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় কমিশনার ড. খন্দকার শওকত হোসেন, চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এম এ এন ছিদ্দিক, ফরিদপুরের আঞ্চলিক সেটেলম্যান্ট কর্মকর্তা মো. আবদুল মতিন, কুমিল্লার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আমিরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিম উদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24