ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন কর্মসূচি পুরোপুরি বাস্তবায়নে প্রয়োজনে সচিবদের জেলা পর্যায়ে সফর করে কার্যক্রমকে গতিশীল করার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার সচিব কমিটির নিয়মিত মাসিক সভায় তাদের এ তাগিদ দেওয়া হয়।
সভা শেষে কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৯ জন সচিব উপস্থিত ছিলেন।
আবদুল আজিজ বলেন, সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে অগ্রগতির ওপর বিশেষ জোর দেওয়া হয়। এজন্য সচিবদের দুর্গম এলাকা সফর করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যক্রমে গতিশীলতার আনার পরামর্শ দেওয়া হয়েছে। সচিবদের পরিদর্শনের ওপর প্রতিবেদনও মন্ত্রিপরিষদ বিভাগের জমা দিতে বলা হয়।
সভায় আগামী ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ের জন্য পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়নে মন্ত্রণালয় সংশ্লিষ্ট তথ্য এবং ওই পরিকল্পনার কর্ম-কৌশলগুলো সম্পর্কে তথ্যও দিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব জানান, সভায় পর্যালোচনা করে দেখা যায়, বর্তমান সরকারের সময় এ পর্যন্ত ৩৪৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ২৫৯টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বাকীগুলো বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ২১টি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নয়টির মধ্যে সব ক'টিই বাস্তবায়ন হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ১৮টির মধ্যে ১৪টি এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৩৯টির মধ্যে ৩৪টি বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সবার নিচে রয়েছে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। তাদের ১৮টির মধ্যে ১১টি বাস্তবায়ন হয়েছে।
সভায় এসব সিদ্ধান্ত বাস্তবায়নে গতি বাড়াতে সচিবদের তাগিদ দেওয়া হয় বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও এ বছর এডিপি'র শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে না বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। যে হারে অগ্রগতি হচ্ছে তাতে এবার ৮৬ শতাংশ বাস্তবায়ন হতে পারে।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এক্ষেত্রে অগ্রগতি হয়েছে মাত্র ২৯ শতাংশ।
আব্দুল আজিজ জানান, সভায় পদমর্যাদার ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) সম্পর্কিত আদালতের রায়ের বিষয়ে আলোচনা করা হয়।
এ বিষয়ে তিনি আর কিছু জানাতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০০৪৮ ঘ.
bdnews24