২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় হামলা-ভাংচুর

সাভারের খেজুর বাগান এলাকায় রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানায় সোমবার দুপুরে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 12:22 PM

Updated : 24 Aug 2022, 06:41 PM

সাভার, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের খেজুর বাগান এলাকায় রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানায় সোমবার দুপুরে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও করেছে। হামলায় কারখানার দুজন পরিচালকসহ প্রায় ৩০ জন আহত হন। কারখানার ঝুট (বাতিল টুকরো কাপড়) ব্যবসা নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ। কারখানা কতৃপক্ষ দাবি করেছে, হামলাকারীরা শ্রমিকদের বেতনের জন্য রক্ষিত ২৫ লাখ টাকা লুট করে গেছে। অপহরণ করেছে দুজন নিরাপত্তা প্রহরীকে। তিন হামলাকারীকে আটক ও মারধর করে পুলিশে দিয়েছে কারখানার শ্রমিকরা। তাদের গ্রেপ্তার দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। খেজুর বাগান এলাকার 'ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড'র নামের পোশাক কারখানাটির পরিচালক আহত ফিরোজ হোসেন সাংবাদিকদের জানান, দেড় মাস আগে প্রায় আড়াই হাজার শ্রমিক নিয়ে কারখানাটি চালু করা হয়। ২০-২৫ দিন আগে স্থানীয় কয়েক ব্যক্তি ফোন করে তাদের কাছে ঝুট বিক্রির প্রস্তাব দেন। কিন্তু তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি জানান, সোমবার দুপুরে ৫-৬ টি গাড়ি নিয়ে এসে ৩০-৩৫ জনের একটি দল হঠাৎ করে কারখানায় হামলা চালায়। তারা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে কারখানার ভেতর আতঙ্ক সৃষ্টি করে এবং জানলা, দরজার কাচ, যন্ত্রপাতি, আসবাবসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। পরিচালক ফিরোজ দাবি করেন, হামলাকারীরা কারখানার হিসাব শাখায় হামলা চালিয়ে শ্রমিকদের বেতনের জন্য রক্ষিত ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে তাকে ও কারখানার অপর পরিচালক তার ভাই সেলিম হোসেনকে মারধর করা হয়। হামলাকারীরা কারখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় কর্তব্যরত দুজন নিরাপত্তা প্রহরী আব্দুর রাজ্জাক ও রমজান আলীকে অপহরণ করে নিয়ে যায় বলেও তিনি দাবি করেন। ফিরোজ জানান, শ্রমিকরা হামলাকারীদের ধাওয়া করলে তারা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় উভয়পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে প্রায় ২৫/৩০ জন শ্রমিক আহত হন। এক পর্যায়ে হামলাকারীরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে শ্রমিকরা তিনজনকে আটক করে মারধর করে। ভাংচুর করে তাদের ব্যবহৃত একটি পাজেরো ও একটি প্রাইভেটকার। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে এই তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় গ্রেপ্তার করা তিনজনকে নয়ারহাটের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই নিরাপত্তা প্রহরীকে অপহরণের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, পুলিশের উপস্থিতিতে হামলাকারীদের দুটি গাড়ির মধ্যে প্রাইভেটকারটি তাদের লোকজন নিয়ে যাওয়ার সময় কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ বিষয়টি ওসিকে জানান। কিন্তু ওসি বলেন, "গাড়ি নিয়ে যেতে এসেছে নিতে দেন, ঝামেলা করার দরকার কি?" ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড'র অপর পরিচালক আহত সেলিম হোসেন অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে। কিন্তু পুলিশ কিছু করেনি। তিনি বলেন, "এ অবস্থা চলতে থাকলে কারখানা বন্ধ করে দিয়ে আমাদের চলে যেতে হবে।" পরিচালক ফিরোজ হোসেন দাবি করেন, হামলা ও ভাংচুরে 'ডাইং ল্যাব' ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদনে যেতে ১৫-২০ দিন সময় লাগবে। এর ফলে আগামী ১৫ ফেব্র"য়ারি তাদের দুটি ক্রয় আদেশের পণ্য সরবরাহ (শিপমেন্ট) বাতিল করতে হবে। সব মিলিয়ে তাদের প্রায় চার কোটি টাকা লোকসান গুণতে হবে বলে তিনি দাবি করেন। বিকাল ৫টার দিকে ফিরোজ হোসেন ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ মোতায়েন থাকলেও হামলাকারীদের একটি দল কারখানার বাইরের সড়কে অবস্থান নিয়ে আছে। এ জন্য কারখানার শ্রমিক ও কর্মকর্তারা বের হতে পারছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.