২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মর্যাদাক্রম রায়ের বিরুদ্ধে আপিল

তিন বাহিনী প্রধানের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজদের নিচে নামাতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 09:07 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বাহিনী প্রধানের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজদের নিচে নামাতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছে সরকার। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদনটি করেন। সরকারের করা আবেদনে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। চেম্বার বিচারপতি বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সোমবার এর শুনানির দিন ঠিক করেছেন। এর মধ্য দিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট হলো। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিগত সরকারের আপিল আবেদন করলেও বর্তমান সরকার কিছুদিন আগেই তা প্রত্যাহার করে নেয়। অর্থাৎ সে ক্ষেত্রে হাইকোর্টের রায়টিই তারা মেনে নিয়েছিলো। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ বৃহস্পতিবার এক আদেশে বর্তমান পদমর্যাদাক্রম তালিকা অবৈধ ঘোষণা করে জেলা জজ পদমর্যাদার কর্মকর্তাদের তিন বাহিনী প্রধানের ওপরে স্থান দিয়ে ৬০ দিনের মধ্যে নতুন তালিকা তৈরি করতে সরকারকে নির্দেশ দেয়। বর্তমান পদমর্যাদাক্রম তালিকায় তিন বাহিনীর প্রধানরা মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবদের সঙ্গে ১২ নম্বর অবস্থানে আছেন। অন্যদিকে জেলা জজসহ এ মর্যাদার কর্মকর্তাদের স্থান ২৪ নম্বরে। হাইকোর্টের রায়ে বর্তমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ঘোষণা করে আটটি নির্দেশনা দেওয়া হয়। আগামী ৬০ দিনের মধ্যে নতুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে তা বাস্তবায়ন করে এ সংক্রান্ত তথ্য হাইকোর্টে উপস্থাপন করতেও বলা হয়। ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ২০০৬ সালে একটি রিট আবেদন দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৫৫ ঘ.