ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে যমুনা কর্তৃপক্ষ।
যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙ্গা বন্ধে ওই রিট আবেদন করা হয়েছিলো, যা খারিজের পর বৃহস্পতিবার ভাঙ্গার কাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
রোববার চেম্বার বিচারপতি মোজাম্মেল হোসেনের আদালতে যমুনা আপিল আবেদন করলে বিচারপতি তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
যমুনা গ্র"পের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, "বৃহস্পতিবার অনুমতি না পাওয়ায় বিষয়টি শুনানির জন্য তালিকায় আসেনি। রোববার চেম্বার বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছে। তিনি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।"
যমুনা গ্র"পের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক।
সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাজউকের পক্ষে ছিলেন এ এফ এম মেসবাহ উদ্দিন।
ছয়তলার অনুমোদন নিয়ে এর চেয়ে উঁচু ভবন নির্মাণ করায় যমুনা পার্কের অবৈধ অংশ ভাঙ্গছে রাজউক।
গত ১৭ জানুয়ারি যমুনা কর্তৃপক্ষকে অননুমোদিত অংশ ভাঙ্গার নির্দেশ দেয় রাজউক।
যমুনা পার্কের কর্ণধার ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল। ১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24