ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের জনবল ও যানবাহন সঙ্কট সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শনিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্বল্পসংখ্যক জনবল নিয়ে পুলিশ বাহিনীকে অনেক কাজ করতে হচ্ছে। এ সঙ্কট সমাধানে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া পুলিশের যানবাহন সঙ্কট সমাধানেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
স্বরাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের মধ্যে পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী হিসাবে গড়ে তোলার ঘোষণা দেন।
স্বাগত বক্তব্যে পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, "মহানগরীকে অপরাধমুক্ত রাখতে ডিএমপির সদস্যরা সার্বক্ষণিক চেষ্টা করছেন। মহানগরীর বাসিন্দাদের আরো নিরাপত্তা দিতে কয়েকটি নতুন থানা স্থাপন করা হয়েছে। পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করে তুলতে কমিউনিটি পুলিশ সার্ভিসসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড ও সাফল্য নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
১৯৭৬ সালের ১ ফেব্র"য়ারি যাত্রা শুরু করে ডিএমপি। বর্তমানে ডিএমপিতে ৪১টি থানা, ৫২টি ফাঁড়ি, ১১টি পুলিশ বক্স, ২৪টি ইউনিট এবং ২৪ হাজার ৪০৮ জন সদস্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসকে/২০২৯ঘ.
bdnews24