২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে বরিশাল-ঢাকা বাস চলাচল ব্যাহত

মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের কারণে বরিশাল অঞ্চলের সঙ্গে ঢাকার গাবতলী রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে মাওয়া হয়ে সায়েদাবাদ রুটের গাড়িগুলো চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 05:21 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের কারণে বরিশাল অঞ্চলের সঙ্গে ঢাকার গাবতলী রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে মাওয়া হয়ে সায়েদাবাদ রুটের গাড়িগুলো চলছে। বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজির প্রতিবাদে বুধবার দুপুর থেকে এ ধর্মঘটের ডাক দেয় গাবতলীভিত্তিক বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. সালাউদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, নথুল্লাবাদ টার্মিনালে দূরপাল্লার রুটের বাসগুলো প্রতি ট্রিপে ৫০ টাকা করে শ্রমিক ইউনিয়নকে চাঁদা দিতো। কিন্তু আফতাব হোসেনের নেতৃত্বে শ্রমিকরা এখন ১২০ টাকা হারে চাঁদা দাবি করছে। তিনি বলেন, "আমরা বাড়তি টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিলে মঙ্গলবার রাতে শ্রমিকরা নথুল্লাবাদে হানিফ পরিবহনের কাউন্টারে গিয়ে কর্মচারীদের মারধর করে।" এর প্রতিবাদে বুধবার অ্যাসোসিয়েশন ঢাকায় জরুরি সভা করে দক্ষিণাঞ্চলের রুটের সব বাস চলাচল বন্ধ করে দেয়। তবে বাড়তি চাঁদা দাবি এবং মারধরের অভিযোগ অস্বীকার করে নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব হোসেন সাংবাদিকদের বলেন, যাত্রী পরিবহনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হানিফ এবং দ্রুতি পরিবহনের শ্রমিকদের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ হয়েছে। এর সঙ্গে টার্মিনালের শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১১৫ ঘ.