২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো গোপন চুক্তি করিনি: হাসিনা

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দাবি নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, তার সফরে ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 11:24 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দাবি নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, তার সফরে ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা হাসিনা বলেন, "ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তির প্রশ্নই উঠে না। ওই রকম কোনো চুক্তি আমরা করিনি।" প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে এদিন সংসদে লিখিত বক্তব্য দেন। গত মাসের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় নয়াদিল্লির সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। সফরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় একটি গোপন চুক্তি হয়েছে। তিনি ওই চুক্তি প্রকাশের দাবিও জানান। এর পাল্টায় প্রধানমন্ত্রী সংসদে বলেন, বিরোধী দল (বিএনপি) যে অভিযোগ করছে তাদের কাছে এর প্রমাণ থাকলে তা জনসমক্ষে প্রকাশ করুন। স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের এক হাসিনা আরো বলেন, "বিরোধী দল এ রকম গোপন চুক্তির কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে।" বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত প্রচেষ্টা নেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে মতৈক্য হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। দহগ্রাম-আঙ্গরপোতা ছিট মহলের যাতায়াত ব্যবস্থা চালু ও সেখানে বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করার কথাও বলেন তিনি। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়ে শিগগিরই দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশনের বৈঠক হবে বলে জানান হাসিনা। তিনি বলেন, "তবে এসব সমস্যা সমাধানের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি, তবে দ্রুত প্রচেষ্টা নেওয়া হচ্ছে।" কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদের অনুপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে তার পক্ষে প্রথম প্রশ্নটি করেন ফজলুল আজিম। প্রধানমন্ত্রী বলেন, তার সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। তিনি বলেন, ওই সফরের একটি বিশেষ দিক হচ্ছে, এ অঞ্চলের দেশগুলোর ভৌত ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ ক্ষেত্রে কার্যকর সংযোগ স্থাপন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা ও সম্পাদিত চুক্তির বিষয়গুলো সংসদে ব্যাখ্যা করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৩টা ৭ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দরের অবকাঠামোর উন্নয়ন ঘটিয়ে ভারত, নেপাল, ভুটানকে ব্যবহারের সুযোগ দেওয়া হলে বাংলাদেশের রাজস্ব আহরণ বাড়বে, দেশও লাভবান হবে। ঢাকা-চট্টগ্রাম সড়ক চার লাইন করা ও ঢাকা-কক্সবাজার রেলপথ স্থাপনের পরিকল্পনার কথাও সংসদে জানান তিনি। চট্টগ্রাম-১১ আসনের সাংসদ সামসুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, চট্টগ্রাম বন্দর আগামী এক বছরের মধ্যে কম্পিউটারাজইড কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনা পদ্ধতি (সিটিএমএস) চালু করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭১৫ ঘ.