ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাভূমি ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
হাওর অঞ্চলের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে যাচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আয়োজিত হাওর, জলাভূমি ও পরিবেশ এর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, "দেশের সামগ্রিক উন্নয়ন সাধন করতে বর্তমান সরকার হাওর উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে এবং তা বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হবে।"
দেশের জলাভূমি ও সুন্দরবনকে রক্ষা করা না গেলে দিনে দিনে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করে দেন তিনি।
এজন্য মন্ত্রী রমেশ দেশের সার্বিক উন্নয়নের জন্য জলাভূমি ও এর প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মেজর গোলাম কিবরিয়া খান চৌধুরী।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সেন্টার ফর এনভায়রমেন্টাল ও জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এর নির্বাহী পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/২১২১ ঘ.
bdnews24