রাজশাহী, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে এক পোশাক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার নগরীর কাশিয়াডাঙ্গা পশ্চিম বালিয়া এলাকায় নিজের বাড়ির পাশের একটি আম বাগান থেকে নিহত ইসরাফিল ইসলাম স্বপন নামের এই ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বপন পশ্চিম বালিয়ার আমিনুল ইসলামের ছেলে। নগরীর সাহেববাজারে তার একটি পোশাকের দোকান রয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নগরীর রাজপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিউটি পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত নয়টার দিকে স্বপন একই এলাকার বাসিন্দা তরিকুল ইসলামের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন থানায় খবর দেয়।
সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের আম বাগানে তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এএসআই বিউটি জানান, বিকাল ৩টার দিকে আন্ধারকোটা এলাকার একটি বরই বাগান থেকে তরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.
bdnews24