সাতক্ষীরা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণ দিয়ে জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন সাতক্ষীরার জেলে শহিদুল ইসলাম গাজী। নিখোঁজ রয়েছেন আরো ২১ জেলে।
শুক্রবার ফিরে এসে বিকালে শহীদুল (২৪) শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিকদের এ কথা জানান।
শহীদুল শ্যামনগর উপজেলার পানখালী গ্রামের নজু গাজীর ছেলে।
তিনি জানান, তার চাচাত ভাই শমছের গাজী (২৮) দু'দল জলদস্যুর গোলাগুলিতে আহত হয়েছেন। এছাড়া জলদস্যুদের হাতে আটক রয়েছেন আরো ২০ জেলে।
শহিদুল ইসলাম গাজী জানান, গত ২৩ ডিসেম্বর তারা ২২ জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। ওই রাতে জলদস্যু মঞ্জু বাহিনী তাদের অপহরণ করে। গভীর রাতে মঞ্জু বাহিনী তাদের নিয়ে সুন্দরবনের সোনাখালি খালে পৌঁছলে অপর জলদস্যু মান্নান বাহিনী তাদের ট্রলার লক্ষ্য করে গুলি করে।
এ সময় দু'পক্ষের গোলাগুলিতে তার ভাই শমসের গাজী পিঠে গুলিবিদ্ধ হয়ে পানিতে পড়ে যান। এক পর্যায়ে তিনি নিজেও (শহিদুল ইসলাম) পানিতে পড়েন।
পরে মান্নান বাহিনী তাকে তুলে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তার স্বজনরা পাঁচ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে তাকে নিয়ে আসে।
এখনো বাকি ২০ জেলে ও গুলিবিদ্ধ শমসের গাজীর কোনো খবর তার জানা নেই। তিনি শ্যামনগর থানাকে বিষয়টি জানিয়েছেন বলেও সাংবাদিকদের জানান।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, সুন্দরবনের নদীতে লাশ ভাসছে- এমন একটি খবর পেয়ে তিনি বুড়িগোয়ালিনি নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নাসির উদ্দীনকে বনে পাঠান। তবে পুলিশ কোনো লাশ পায়নি।
এছাড়া কোনো জেলে জিম্মি আছে কিনা বা শহিদুল ইসলাম গাজী মুক্তিপণ দিয়ে ফিরেছেন কিনা তা তার জানা নেই। এ ব্যাপারে তাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি বলেও জানান তিনি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) তৌফিকুল ইসলাম বলেন, অপহরণের ঘটনাটি তার জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.
bdnews24