ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বছরজুড়ে সরকার ও নির্বাচন কমিশনের গড়িমসিতে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচন হয়নি।
২০১০ সালের শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা থাকলেও বছর শেষে এসে পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করে ইসি। ২০১১ সালের ১২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে পাঁচদিনে মেয়াদউত্তীর্ণ ২৫৯ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে বছরটিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ই-ভোটিং চালু হয়। নিবন্ধতি রাজনৈতিক দলগুলোও প্রথমবারের মতো বার্ষিক আয়-ব্যয় বিবরণী দাখিল করে কমিশনে। সার্কভুক্ত নির্বাচন কমিশনারদের নিয়ে আঞ্চলিক ফোরাম গঠনের উদ্যোগও নেওয়া হয়। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে আইন সংশোধন করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ না করায় সরকার দলীয় সাংসদ মো. জসিম উদ্দিনের সদস্যপদ বাতিল হয়। বিরোধী দলীয় সাংসদ সাকা চৌধুরীর সদস্য পদ খারিজেরও উদ্যোগ নিয়েছিল ইসি। শেষ পর্যন্ত বিষয়টি 'ডেড ইস্যু' বলে থামিয়ে রাখেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
ক্ষমতাসীন দলের আরেক সাংসদ মহীউদ্দীন খান আলমগীর সদস্য পদও শূন্য ঘোষণা করে ইসি। তবে পরবর্তীতে তা স্থগিত করা হয়।
এছাড়া বছরজুড়ে দেশব্যাপী ইসির মাঠপর্যায়ের সার্ভার স্টেশন নির্মাণ, ভোটার তালিকা হালনাগাদকরণ, আইন সংশোধন, উপ নির্বাচন ও সিসিসি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল ইসি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার দৃঢ়তা প্রশংসিত হয় সর্বত্র। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা ও নিবন্ধন বাতিল করা নিয়ে ইসিকে থাকতে হয়েছে মুখর।
দুই নির্বাচন কমিশনারের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এছাড়া এক নির্বাচন কমিশনারকে আদালত অবমাননার অভিযোগে তলব করে হাইকোর্ট।
ডিসিসি নিয়ে ইসি'র বছর পার
দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা ডিসিসি'র নির্বাচন এ বছরেই করতে চায় ইসি। জানুয়ারিতে এই নির্বাচন করার উদ্যোগ নিয়ে বারবার পিছিয়ে ডিসেম্বরেও করা সম্ভব হয়নি।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে ডিসিসি নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়ে গত ২২ ডিসেম্বর শঙ্কা প্রকাশ করেন সিইসি।
ঢাকা সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের ২৪ এপ্রিল, যার মেয়াদ উত্তীর্ণ হয় ২০০৭ সালের ১৪ মে।
মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভোটার তালিকা না থাকায় ডিসিসি নির্বাচন করা যায়নি।
নবম সংসদের প্রথম অধিবেশনে স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ আইন পাস হয়। এরপর স্থানীয় সরকারের এসব নির্বাচনের উদ্যোগ নেয় ইসি। তবে প্রয়োজনীয় নির্বাচন বিধি ও আচরণ বিধি প্রণয়নে বিলম্বে ঝুলে থাকে ডিসিসি নির্বাচন।
২০০৯ সালের শুরুতে ডিসিসি নির্বাচনের বিষয়ে ইসি উদ্যোগী হলেও তা করতে পারেনি। গত ফেব্র"য়ারিতে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি নিলে এক ভোটার সীমানা পুননির্ধারণ চেয়ে আদালতে রিট করেন।
এসময় আদালত সীমানা পুনঃনির্ধারণ না করায় তফসিল ঘোষণা স্থগিত করে। এরপর ৬ এপ্রিল নির্বাচন কমিশন সিইজিআইএস পদ্ধতিতে সীমানা পুনঃনির্ধারণের জন্য তাগাদা দেয় মন্ত্রণালয়কে। এদিকে আইন সংশাধনসহ নানা জটিলতাও দেখা দেয়।
ইসির পরিকল্পনা ছিলো আড়াইশ'রও বেশি পৌরসভা ও ডিসিসি নির্বাচন ডিসেম্বরে শেষ করার। গত ১০ অক্টোবর সিইসি সাংবাদিকদের জানান, ডিসেম্বরে ডিসিসি ও পৌরসভা নির্বাচন করা হবে।
গত ১৩ অক্টোবর সিইসির সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম।
এরপর ২ নভেম্বর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "ডিসিসি নির্বাচন নিয়ে কিছু বলবো না। কিছু বললেই বিষয়টি জটিল হবে। ডিসিসি নির্বাচন চ্যাপ্টার ক্লোজড।" তিনি জানান, সরকারের সঙ্গে সমন্বয় ছাড়া এখন এ নির্বাচন করা সম্ভব নয়।
১২ নভেম্বর বিএনপি'র পক্ষ থেকে এম কে আনোয়ারও বলেন, দু'বার সম্ভাব্য তারিখ দিয়েছিলো নির্বাচন কমিশন। কিন্তু সরকারের অনাগ্রহের কারণে সেসব তারিখে নির্বাচন হয়নি। ভয়ে তারা নির্বাচন কমিশনকে ডিসিসি নির্বাচন করতে দিচ্ছে না।
ডেডলাইন
২৪ জানুয়ারি: গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ীরা নিবন্ধিত রাজনৈতিক দলের সংেেশাধিত গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ দিন। ৩৮টি দল তাদের সংশোধিত গঠনতন্ত্র জমা দেয়। ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্র্টির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত।
২৯ জানুয়ারি: ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সিইসি বলেন, এক বছরের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউপি নির্বাচনের কাজ শেষ করতে চান।
৩ ফেব্র"য়ারি: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ভোলা-৩ আসন শূন্য ঘোষণার সিদ্ধান্ত নেয় ইসি।
১৫ফেব্র"য়ারি: এ সপ্তাহের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশন বললেও হাইকোর্ট ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত তা না করার নির্দেশ দেয়।
২৬ ফেব্র"য়ারি: চাঁদপুরে সিইসি বলেন, ডিসিসি নির্বাচন মে মাসে।
১৮ মার্চ: ভোলা-৩ আসনের তফশিল-২৪ এপ্রিল ভোটগ্রহণ।
২৫ মার্চ : গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জামায়াতকে ইসির তাগিদ।
৪ এপ্রিল: সিইসি বলেন, 'মে মাসে ডিসিসি নির্বাচন করার আগের পরিকল্পনায় আমরা আছি। তবে ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে বলতে পারছি না।'
২৪ এপ্রিল: ভোলা-৩ আসনে ভোট। আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন জয়ী। নির্বাচন বাতিলের দাবি জানায় বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।
৩ মে: জামায়াতকে তৃতীয় দফা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি।
৯ মে: সিইসিকে মুরতাদ ও কাফের চিহ্নিত করে ফতোয়া দেন ফজলুল হক আমিনী।
১১ মে: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফশিল
bdnews24