ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে নিয়োগ ও বদলির ক্ষমতা পেয়েছেন বিভাগীয় কমিশনাররা। সংস্থাপন মন্ত্রণালয়ের যোগ্য তালিকা অনুযায়ী এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তারা।
সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে এ ক্ষমতা বিভাগীয় কমিশনারদের হাতে ন্যস্ত করেছে।
তবে ইউএনও নিয়োগের জন্য যোগ্য তালিকা (ফিট লিস্ট) প্রণয়ন এবং যোগ্য বিবেচিত কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন সংস্থাপন মন্ত্রণালয়ই করবে।
পরবর্তীতে তালিকাভুক্ত যোগ্য কর্মকর্তাদের ইউএনও পদে নিয়োগের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হবে বলে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পরিপত্রে বলা হয়েছে।
এতদিন সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও বদলির কাজটি করতো। নতুন এ আদেশের ফলে এখন থেকে বিভাগীয় কমিশনাররা তাদের আওতাধীন উপজেলাগুলোতে ইউএনও'র শূন্য পদে কর্মকর্তা নিয়োগ এবং বদলির কাজটি করবেন।
জারি হওয়া পরিপত্রের বিধান অনুযায়ী, কোন কর্মকর্তাকে পাঁচ বছরের অধিক ইউএনও পদে রাখা যাবে না। যেসব কর্মকর্তার ইউএনও হিসেবে চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে, তাদের তালিকা বিভাগীয় কমিশনাররা সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠাবেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা ওই পদে তার চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার ত্রিশ কর্মদিবস আগে বিষয়টি লিখিতভাবে নিজ বিভাগীয় কমিশনারকে জানাবেন। সংস্থাপন মন্ত্রণালয় ইউএনও-দের হালনাগাদ তথ্য সংরক্ষণ করবে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি হওয়া পরিপত্রে বলা হয়েছে, সংস্থাপন মন্ত্রণালয় ইউএনও'র শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য তালিকা তৈরি করবে। তালিকাভূক্ত ওই কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে ইউএনও পদে নিয়োগের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হবে। পরে নিয়োগ ও বদলির কাজটি বিভাগীয় কমিশনাররা করবেন।
এতে বলা হয়, এক বিভাগের আওতাধীন ইউএনওকে অন্য বিভাগে সরাসরি বদলি করা যাবে না। কোন কর্মকর্তা অন্য বিভাগে বদলি হতে চাইলে বিভাগীয় কমিশনার সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহারের প্রস্তাব পাঠাবে। সংস্থাপন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবে।
পরিপত্রে আরো বলা হয়, যুক্তিসংগত কারণ ছাড়া কোনো ইউএনওকে দুই বছরের আগে অন্য উপজেলায় বদলি করা যাবে না। তবে কোন কর্মকর্তাকেই একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় রাখা যাবে না।
পার্বত্য এলাকা বা সরকার ঘোষিত দুর্গম এলাকার কোনো ইউএনও একই কর্মস্থলে সর্বোচ্চ দুই বছর থাকবেন। এর বেশি সময় কাউকেই এসব এলাকার উপজেলায় রাখা যাবে না। কোনো ইউএনওকে একই জেলার অন্য কোন উপজেলায় বদলি করা যাবে না।
এতে আরো বলা হয়, কোনো কর্মকর্তাকে তার নিজ জেলায় ইউএনও হিসেবে বদলি বা পদায়ন করা যাবে না। আগে কোন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে কাজ করলে সেই উপজেলায় সেই কর্মকর্তাকে ইউএনও পদে নিয়োগ করা যাবে না।
কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রশাসনিক বা অন্য কোন কারণে ইউএনওকে বদলি করার প্রয়োজনে এবং তার কর্মকাল দুই বছরের কম হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মতামতসহ বিভাগীয় কমিশনার যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটির কাছে পাঠাবেন।
এ সংক্রান্ত যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে সভাপতি এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিবকে (মাঠ প্রশাসন) সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সুপারিশের ভিত্তিতে বিভাগীয় কমিশনাররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তালিকাভূক্ত মহিলা কর্মকর্তারা ইউএনও পদে অধিকতর ভালো যোগাযোগ সম্পন্ন উপজেলায় নিয়োগে অগ্রাধিকার পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/কেএমএস/২১০৬ ঘ.
bdnews24