চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি দুর্নীতি মামলার রায় হয়েছে ২১ বছর পর।
রাজস্ব ফাঁকি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ১৯৮৮ সালের ৩০ নভেম্বর মামলাটি করেছিলেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমান দুদক) পরিদর্শক আবদুল আজিজ ভুঁইয়া।
বুধবার এ মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমেদ সিএন্ডএফ ব্যবসায়ী আনিসুজ্জামান ইকবালকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুইমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
সাজাপ্রাপ্ত ইকবাল নগরীর বন্দর থানার ধনিয়ালাপাড়া এলাকার গুডউইল করপোরেশনের মালিক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দুজ্জামানের ছেলে।
ইকবাল এখন পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ছানাউল্লাহ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৮ সালে টায়ার ও টিউব আমদানির ক্ষেত্রে ইকবাল জাল ইনভয়েসের মাধ্যমে সাত লাখ দুই হাজার ৫৭ টাকার স্থলে দুই লাখ পাঁচ হাজার ২১০ টাকা রাজস্ব জমা দেন।
এর মাধ্যমে তিনি চার লাখ ৫০ হাজার ৪৭ টাকার রাজস্ব ফাঁকি ও অর্থ আত্মসাত করেন।
লাভলু জানান, ১৯৯৭ সালের ৮ মে এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাতজনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৩৭ ঘ.
bdnews24