ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকৌশলী আব্দুল হামিদ হত্যামামলার পাঁচ আসামির বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
সরকারের আবেদনে একদিন আগে আদালত পাঁচ আসামিকে অব্যাহতি দিলেও বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠিতে আগের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায়।
পরিবর্তিত সিদ্ধান্ত ঢাকার ২ নম্বর দ্রুত বিচার আদালতে জানিয়ে আগের আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন সরকারি আইন কর্মকর্তা ও ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খোরশেদ আলম বাদল।
আদালতের ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম আগামী ৩ জানুয়ারি এর ওপর শুনানির দিন ঠিক করেছেন।
এর আগে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ আবদুল্লাহ আবু মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথা সাংবাদিকদের নিশ্চিত করেন।
২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানে নিজ বাড়িতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী হামিদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ হামিদ পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় মামলা হলে পুলিশ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
স
bdnews24