ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহৃত বাংলাদেশিদের উদ্ধারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তিনি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
গত ১৭ ডিসেম্বর বলখ্ প্রদেশের মাজার শরিফের কাছ থেকে সামহোয়ান কর্পোরেশনের অধীনে কর্মরত সাত বাংলাদেশিকে অপহরণ করে এক দল বন্দুকধারী।
অপহৃতদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে গত ১৯ ডিসেম্বর তাদের এক সহকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
"বাকি পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চলছে", বলেন পররাষ্ট্রমন্ত্রী।
অপরহরণকারী এক বাংলাদেশিকে হত্যাও করে। নিহত কাজী আলতাফ হোসেনের লাশ রোববার বাংলাদেশে পৌঁছবে বলে জানান দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বন্দি পাঁচ বাংলাদেশির অবস্থান নিশ্চিত হয়েছে আফগান কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে এক দফা অভিযানও চালানো হয়েছে। তবে অপহরণকারীরা বাংলাদেশিদের নিয়ে সেখান থেকে সরে যায়।
আফগানিস্তানে অপহৃতদের উদ্ধারে পাকিস্তানও বাংলাদেশকে সহযোগিতা করতে রাজি হয়েছে।
ভারতে আটক বাংলাদেশিদের নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "সংবাদপত্রে দেখেছি, ভারতে ১৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। কিন্তু আমরা এখনো নিশ্চিত না তারা বাংলাদেশি কি না। এই বিষয়ে তদন্ত করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরআর/আরএ/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24