২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কিছু লোকের দোষ পুরো বিচার বিভাগে চাপানো হয়েছে'

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবি'র জরিপ প্রসঙ্গে বিচারমন্ত্রী বলেছেন, "কিছু লোকের দোষ পুরো বিচার বিভাগের ওপর চাপানো" হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবি'র জরিপ প্রসঙ্গে বিচারমন্ত্রী বলেছেন, "কিছু লোকের দোষ পুরো বিচার বিভাগের ওপর চাপানো" হয়েছে। আইন ও বিচারমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ বলেন, "বিচার বিভাগে কিছু লোক আছে যারা কুপরামর্শ দিয়ে অর্থ হাতিয়ে নেয়। কিছু লোকের দোষ পুরো বিচার বিভাগের ওপর চাপানো হলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন না হয়ে ক্ষতিকর হয়ে ওঠে।" টিআইবি প্রতিবেদনের কোনো সারবস্তু নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয় বলে বৃহস্পতিবার এক জরিপ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জরিপের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব নির্বাচিত কার্যনির্বাহি কমিটির অভিষেক অনুষ্ঠানে ব্যরিস্টার শফিক বলেন, "প্রতিবেদনটি তথ্য ভিত্তিক নয়। এটা বিভ্রান্তিকর। বিচার বিভাগের সুনাম নষ্ট করতে এই রিপোর্ট হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।" আইনমন্ত্রী জানান, সাংবাদিকরা যেন অযথা হয়রানির শিকার না হন সেজন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বিলুপ্ত করে সমন জারির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। ডিআরইউ'র জন্য স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়ে আইনমন্ত্রী সহযোগিতার আশ^াস দেন। ডিআরইউ'র সভাপতি মোস্তাক হোসেনের সভাপতিত্বে সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান, ডিআরইউ'র সাবেক সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, সহ-সভাপতি আজমল হক হেলাল, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সদস্য বদিউল আলম, স্বপন দাস গুপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন। সেরা প্রতিবেদক পুরস্কার অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন বিভাগে সেরা প্রতিবেদকের পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এবার ঢাকা সিটি কর্পোরেশনের সৌজন্যে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যৌথভাবে কেরামতউল্লাহ বিপ্লব (এটিএন বাংলা) ও সাইফুল হাসান (বৈশাখী টিভি), রাষ্ট্রপতির সৌজন্যে শিক্ষা বিষয়ে শরিফুজ্জামান পিন্টু (প্রথম আলো), এফবিসিসিআই'র সৌজন্যে অর্থনৈতিক অনুসন্ধানী বিষয়ে জাকির হোসেন (যুগান্তর), ডিসিসিআই'র সৌজন্যে অবজেকটিভ ইকোনোমিক বিষয়ে হাসান আরিফ, নাভানার সৌজন্যে ক্রীড়ায় রাহেনুল ইসলাম, শহীদ জায়া হাসনা কাদির স্মৃতি পরিষদের সৌজন্য মুক্তিযুদ্ধ বিষয়ে যৌথভাবে আরিফুর রহমান (বাংলাদেশ প্রতিদিন) ও হোসাইন জাকির (যুগান্তর) সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮৩৭ ঘ.