২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যতিক্রমী আড্ডা উৎসব

চট্টগ্রামের আড্ডার ঐতিহ্যকে ধারণ করে প্রথমবারের মতো নগরীতে অনুষ্ঠিত হলো 'আড্ডারু সম্মিলন' ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আড্ডার ঐতিহ্যকে ধারণ করে প্রথমবারের মতো নগরীতে অনুষ্ঠিত হলো 'আড্ডারু সম্মিলন'। শুক্রবার সন্ধ্যায় চেরাগি পাহাড় মোড়ে 'চেরাগি আড্ডা' আয়োজন করে ব্যতিক্রমী এ আড্ডা উৎসব। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কবি-সাংবাদিক আবুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রামে আড্ডার রয়েছে দীর্ঘ ঐতিহ্য। আড্ডায় মানুষ সমৃদ্ধ হয়। আড্ডার বিকল্প আড্ডাই। আড্ডা নিয়ে এধরনের সম্মেলনের আয়োজন সত্যিই অসাধারণ, অনন্য। উপমহাদেশ খ্যাত বিখ্যাত ঢোলবাদক প্রয়াত বিনয় বাঁশি জলদাসের ছেলে বাবুল জলদাস ও তার দলের ঢোল বাদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আড্ডারু সংবর্ধনা, গান, আলোকচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি, আড্ডা ও খুনসুটি। সম্মেলন উপলক্ষে প্রকাশ করা হয় 'আড্ডা' শীর্ষক একটি স্মারক গ্রন্থ। আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেন ১১ জন আলোকচিত্রী। 'চেরাগি আড্ডা'র কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব কামরুল হাসান বাদল বলেন, চট্টগ্রাম হল আড্ডার শহর। সবুজ আড্ডা, চৌরঙ্গী আড্ডা, চিম্বুকের আড্ডা, বোস ব্রাদার্সের আড্ডা, নভেলটির আড্ডা, সাধু দোকানের আড্ডা, জলযোগের আড্ডাসহ অসংখ্য আড্ডা এখন ইতিহাসের অংশ। ঐতিহ্যবাহী এসব আড্ডার স্মরণে আর নতুন নতুন আড্ডার স্বপ্নে এ আয়োজন বলে জানান তিনি। সম্মেলনে মরণোত্তর সম্মাননা পাওয়া 'আড্ডারুরা' হলেন ডা. কামাল এ খান, সুচরিত চৌধুরী, সুনীল নাথ ও মুহাম্মদ ইদ্রিস। প্রয়াত আড্ডারুদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আবুল মোমেন, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি স্বপন দত্ত ও ফাউজুল কবির। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, মুবিদুর রহমান সুজাত, ফারুক তাহের ও মিলি চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বিমল বাউল, সঞ্জীত আচার্য, কল্পনা লালা, কল্যানী ঘোষ, কান্তা নন্দী, মানস পাল চৌধুরী ও ইকবাল হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২০৪৮ ঘ.