নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি অটোরিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে দুইজন এবং শুক্রবার ফতুল্লার সরদারপাড়া থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হল- বিল্লাল সরদারের ছেলে সজল (১৭), জব্বার মোল্লার ছেলে আশিক (১৬), ইসহাকের ছেলে শাহিন (১৮), জয়নালের ছেলে আসলাম হাওলাদার (১৯), আব্দুল কাদেরের ছেলে বাবু (১৭) ও প্রয়াত আব্দুল মালেকের ছেলে ইমাম হোসেন (১৯)।
এরা সবাই সদর উপজেলার ফতুল্লার সরদারপাড়া এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাবু ও ইমাম একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ওই অটোরিকশা চালক আবুল হোসেনের চিৎকার শুনে টহল পুলিশ বাবু ও ইমামকে গ্রেপ্তার করে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি জীবনকান্তি সরকার বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24