গাজীপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে খুনের অভিযোগে তার স্ত্রী ও দুই মেয়েকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে খুন হন উপজেলার বেতুয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে বিল্লাল হোসেন (৫০)।
শুক্রবার পুলিশ বিল্লালের স্ত্রী হালিমা (৪৫) এবং দুই মেয়ে সাবিনা (২২) ও সালমাকে (১৮) আটক করেছে। ঘটনার পর ছেলে সালমান পালিয়ে গেছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, বিল্লাল তার স্ত্রীর কাছে কিছু টাকা চাইলে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রেগে গিয়ে বিল্লাল দা দিয়ে স্ত্রীর হাতে আঘাত করেন।
এরপর হালিমা দুই মেয়ে ও ছেলে সালমানের সহায়তায় বিল্লালের হাত-পা বেঁধে ঘরের মেঝেতে শুইয়ে শ্বাস রোধ করে তাকে হত্যা করেন।
স্ত্রী ও দুই মেয়েকে আটক করলেও ছেলে সালমান ঘটনার পরপরই পালিয়ে গেছে।
এ ঘটনায় বিল্লালের ছোট ভাই লাল মিয়া কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24