২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে কিশোরের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 09:23 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত আলমগীর হোসেনের (১৭) পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যাত্রাবাড়ীর ১৪ নম্বর আউটফল ধলপুর স্টাফ কোয়ার্টারে মা জাম্বিলা খাতুন এবং এক ভাই ও তিন বোনের সঙ্গে থাকতো আলমগীর। আলমগীর হোসেনের বড় বোন হাসিনা বেগমের স্বামী মো. নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৯টায় আলমগীরের এক বন্ধু বাসায় এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফিরেনি। তিনি বলেন, "বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে আলমগীরের আরেক বোন নাজমার মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বলে, আলমগীরের লাশ মনোয়ারা হাসপাতালের সামনে পড়ে আছে; নিয়ে আয়।" নাসির আরো জানান, এ খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা স্থানীয় মনোয়ারা হাসপাতালের সামনে যান। সেখানে তারা আলমগীরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আলমগীর গুলিস্তানে একটি পাবলিক টয়লেটে চাকরি করতো বলেও জানান তার ভগ্নিপতি নাসির। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে পুলিশ তদন্ত করে দেখছে। ময়না তদন্তের জন্য আলমগীরের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৫১৬ ঘ.