ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কোষাধ্যক্ষসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির'র ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬/বি সড়কের ৪১ নম্বর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই বাসা থেকে দু'টি পেট্রোল বোমা, লিফলেট ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মহানগর পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিযবুত তাহরির সদস্যরা গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে ওই বাসায় অভিযান চালানো হয়। ওখানে তাদের বৈঠক করা অবস্থায় পাওয়া যায়।
গ্রেপ্তার হয়েছেন- কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. পারভেজ আহমেদ (২৯), ফয়সাল কবির (৩০), মো. মাসুদ পারভেজ (২৪), মো. মাহফুজুর রহমান (২১), মাকসুদুর রহমান (২০) ও ইরফান আহমেদ (৩০)।
এদের মধ্যে মো. পারভেজ আহমেদ বুয়েট থেকে লেখাপড়া শেষ করে সংগঠনের কাজে জড়িত হন। এছাড়া রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বাসাটি ফয়সাল কবির ভাড়া নিয়েছিলেন। সেখানে সংগঠনটির সদস্যরা নিয়মিত গোপন বৈঠক করত।
তাদের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
হিযবুত তাহরির বাংলাদেশ সংগঠনটি গত বছরের ২২ অক্টোবর নিষিদ্ধ করে সরকার। ইতোমধ্যে এর কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24