২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় আহত সাংবাদিকের মৃত্যু

দুর্বৃত্তের হামলায় আহত বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাব সভাপতি মনির হোসেন রাঢ়ীর (৩৫) মৃত্যু হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 04:49 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

বরিশাল, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের হামলায় আহত বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাব সভাপতি মনির হোসেন রাঢ়ীর (৩৫) মৃত্যু হয়েছে। (আরো তথ্যসহ) নিহতের বড় ভাই জসিম উদ্দিন খোকন রাঢ়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে দৌলতদিয়া ফেরিঘাটে মঙ্গলবার রাত ১টার দিকে তিনি মারা যান। বুধবার জসিম উদ্দিন খোকন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মুলাদী থানায় একটি মামলা করেছেন। আসামিরা হলেন- আলাউদ্দিন রাঢ়ী, তার স্ত্রী আলেয়া বেগম, তাদের দুই ছেলে সোহেল ও রাসেল এবং মোতালেব। এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুরে স্থানীয় সাংবাদিকরা শহওে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন। এর আগে তার মরদেহ প্রেসক্লাবে আনা হলে সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মুলাদী থানার ওসি আমিরুজ্জামান আমির বলেন, মনিরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। খোকন রাঢ়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রতিবেশী ও চাচাতো ভাই আলাউদ্দিন রাঢ়ী মঙ্গলবার ১০/১২টি পরিবারের চলাচলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। মনির হোসেন তাকে প্রাচীর তোলা বন্ধ করার অনুরোধ করেন। এ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে মনিরের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলাউদ্দিন রাঢ়ীর দুই ছেলে সোহাগ ও রাসেল শাবল দিয়ে মনিরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। খোকন রাঢ়ী বলেন, "এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।" স্থানীয় সাংবাদিকরা জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে মুলাদী থানা থেকে মাত্র ৫০ গজ দূরে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। নিহত মনির হোসেন আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/২০৩২ ঘ.