২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫৫টি বাস কেনার প্রস্তাব অনুমোদন

দক্ষিণ কোরিয়ার ঋণ সহায়তায় ২৫৫টি বাস কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২১২ কোটি টাকায় দাইয়ু'র কাছ থেকে বাসগুলো কেনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 10:25 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়ার ঋণ সহায়তায় ২৫৫টি বাস কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২১২ কোটি টাকায় দাইয়ু'র কাছ থেকে বাসগুলো কেনা হবে। মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কোরিয়া ডেভলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের (কেডিএফসি) ঋণ সহায়তায় আনা ২৫৫টি বাসের মধ্যে ১৫০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এবং ১০৫টি সাধারণ (নন-এসি)। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ৭ নভেম্বর বিআরটিসি ৩০০টি বাস কেনার দরপত্র আহ্বান করে। দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে দাইয়ু, হুন্দাই এবং তাউ প্লাস অংশ নেয়। এদের মধ্যে দাইয়ু ইন্টারন্যাশনাল কর্পোরেশন যোগ্য দরদাতা বিবেচিত হয়। এ প্রকল্পের মোট ঋণের পরিমাণ ৩ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১২ কোটি ১০ টাকা। ৩০০টি বাস কেনার পরিকল্পনা থাকলেও তার দর ২১৮ কোটি ৮২ লাখ ৮৮ হাজার টাকা দাঁড়ালে বাসের সংখ্যা কমানো হয়। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মঙ্গলবারের সভায় দুটি প্যাকেজে ২৪৯ কোটি ৬০ লাখ টাকায় ১ লাখ টন গম কেনার প্রস্তাব অনুমোদন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান। এর মধ্যে ৩৫২ মার্কিন ডলার মূল্যে ৫০ হাজার টন দাইয়ু ইন্টারন্যাশনাল কর্পোরেশনের মাধ্যমে এবং ৩৫৩ দশমিক ১১ মার্কিন ডলার মূল্যে ৫০ হাজার টন এমসন্স ইন্টারন্যাশনালের মাধ্যমে কেনা হবে। সভায় প্রস্তাবিত পদ্মা সেতুর (মাওয়া) শরীয়তপুর অংশে পাচুরিয়া থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গা পর্যন্ত দুটি প্যাকেজে ৩২ দশমিক ১৬ কিলোমিটার রেললাইন নির্মাণ এবং পুনর্বাসন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ২০ লাখ টাকা। ম্যাক্স অটোমোবাইলস প্রোডাক্টস লিমিটেড এ কাজের যোগ্য দরদাতা মনোনীত হয়েছে। এছাড়াও রেলওয়ের তিনটি প্যাকেজে পার্বতীপুর থেকে কাঞ্চন এবং পঞ্চগড় থেকে কাঞ্চন হয়ে বিরল পর্যন্ত ১৩৯ কিলোমিটার মিটার গেজ রেললাইনকে ডুয়েল গেজ (দ্বৈত) এবং বিরল থেকে বিরল সীমান্ত পর্যন্ত ৯ কিলোমিটার ব্রড গেজ রেললাইনকে মিটার গেজ রেললাইনে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়। তিনটি প্যাকেজে মোট ৭৬০ কোটি ৯২ লাখ টাকা ব্যয় হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬২০ ঘ.