২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমানি মার্কেটে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ

কলমানি রেট অস্বাভাবিক হারে বাড়তে থাকায় শেষ পর্যন্ত কলমানি মার্কেটে হস্তক্ষেপ করলো বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ৫০ শতাংশের বেশি সুদে অর্থ লেনদেন না করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের হার বা কলমানি রেট অস্বাভাবিক হারে বাড়তে থাকায় শেষ পর্যন্ত কলমানি মার্কেটে হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার সকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ৫০ শতাংশের বেশি সুদে অর্থ লেনদেন না করার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কারসাজি বা অস্থিরতা সৃষ্টি করে কলমানি রেট বাড়িয়ে দিয়েছিল কিনা- তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংকের বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলমানি মার্কেটে সুদের হার অস্বাভাবিক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা (কেন্দ্রীয় ব্যাংক) হস্তক্ষেপ করেছি। ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে- আন্তঃব্যাংক লেনদেনে যাতে কোনো অবস্থায়ই আর বেশি সুদে অর্থ লেনদেন না হয়। "পাশাপাশি গত কয়েক দিনের উচ্চ সুদে লেনদেনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আর এজন্য যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কলমানিতে বেশি সুদে লেনদেন করেছে তাদের প্রধান নির্বাহীদের কেন্দ্রীয় ব্যাংকে তলব করে ব্যাংখ্যা চাওয়া হতে পারে।" অবশ্য এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেছেন, "কলমানি রেট অস্বাভাবি বাড়ার কোনো যৌক্তিক কারণ ছিল না। ব্যাংকগুলোর ব্যবস্থাপনার অদক্ষতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছিল। আমরা যেসব পদক্ষেপ নিয়েছি, তাতে কলমানি রেট স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।' কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, কলমানি মার্কেটে সোমবার সর্বোচ্চ ৫৫ শতাংশ সুদে লেনদেন হয়েছে। রোববার অতীতের সব রেকর্ড ভেঙ্গে কলমানি সুদের হার সর্বোচ্চ ১৮০ শতাংশে উঠে। গত সপ্তাহের সোমবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিনই কলমানি রেটে রেকর্ড হয়েছে। বুধবার কলমানি রেট ছিল সর্বোচ্চ ১৭৫ শতাংশ। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক কলমানি মার্কেট থেকে কিছু ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ উচ্চ সুদে ধারের কারণ সোমবার সকাল থেকেই খতিয়ে দেখতে শুরু করেছে। যে সব ব্যাংক উচ্চ সুদে বিপুল অংকের অর্থ কলমানি থেকে ধার করেছে তাদের প্রধান নির্বাহীদের তলবের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।" ওই কর্মকর্তা আরো জানান, বিশেষ করে যে সব ব্যাংক দশমিক ৫ শতাংশ সিআরআর বাড়ানোর ফলে প্রয়োজনীয় অর্থের চেয়ে অনেক বেশি পরিমাণে ধার করেছে, সেসব ব্যাংকের প্রধান নির্বাহীদেরকেই মূলত ডাকা হবে। তহবিল ব্যবস্থাপনায় অদক্ষতার বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হবে। তদন্তেকোনো ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে কলমানি মার্কেটে ৫০ শতাংশের বেশি সুদে অর্থ লেনদেন না করতে সোমবার সকালেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত রোববার বেসরকারি খাতের এবি ব্যাংক কলমানি থেকে ধার করেছে ৪৯৮ কোটি টাকা। এক্ষেত্রে ব্যাংকটিকে সর্বোচ্চ ১৮০ শতাংশ সুদে অর্থ ধার করতে হয়। এর আগে সর্বশেষ ব্যাংক খোলার দিন (বুধবার) ব্যাংকটি ধার করে ৩২২ কোটি টাকা, মঙ্গলবার ৫৫০ কোটি টাকা এবং রোববার ৫৬০ কোটি টাকা। ওই দিনগুলোতে যথাক্রমে সর্বোচ্চ ১৫০ শতাংশ, ৬০ শতাংশ এবং ৪৬ শতাংশ সুদে অর্থ যোগার করেছে ব্যাংকটি। একইভাবে কলমানি থেকে বেশি সুদে বিপুল পরিমাণ অর্থ ধার করতে দেখা গেছে বেশ কয়েকটি ব্যাংককে। গত রোববার সিটি ব্যাংক ২৭৭ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক ২১৩ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ১৬৫ কোটি টাকা, পূবালী ব্যাংক ১৬৫ কোটি টাকা, ইউসিবিএল ১২৭ কোটি টাকা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৯৯ কোটি টাকা ধার করেছে। এর আগের দিন (বৃহস্পতিবার থেকে শনিবার সরকারি ছুটি থাকায় কলমানিতে লেনদেন হয়নি) বুধবার ইস্টার্ন ব্যাংক ২২৯ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ১৩৫ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১৪৯ কোটি টাকা, পূবালী ব্যাংক ১৭৫ কোটি টাকা ও দি সিটি ব্যাংক ১৭০ কোটি টাকা ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২২০০ ঘ.