ময়মনসিংহ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ময়মনসিংহের একটি আদালত।
রাজনীতিবিদদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় ২০০৭ সালের ২১ জানুয়ারি ময়মনসিংহের ওই আদালতে মামলাটি করেছিলেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু।
রোববার জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ হাবিবুল্লাহ মামলাটি আমলে নিয়ে আগামী ১৮ জানুয়ারি ইউনূসকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের সদরদপ্তরে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, "বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন। এখানে কোনো আর্দশের ব্যাপার নেই।"
পরদিন (১৮ জানুয়ারি) দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।
আদালতের আদেশ মোতাবেক বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করেন বিচারক বিভাগীয় হাকিম জাহাঙ্গীর হোসেন।
তদন্তে জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি আতিকুর রহমান, জাসদের সাধারণ সম্পাদক এস এম সাদিক হোসেন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক সুজিত বর্মণসহ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24