২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস

গৃহস্থালি বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

খুলনা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহস্থালি বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন। এ লক্ষ্যে শনিবার খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও সিঙ্গাপুরের রেনেভো টেকনোলজিস প্রা. লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নগর ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন মেয়র তালুকদার আব্দুল খালেক, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, রেনেভো টেকনোলজিসের চেয়ারম্যান লেনী এন্ডারসন ও সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি সাইফুল আলম পাইকার। ২০ বছর মেয়াদী এ চুক্তি অনুযায়ী কেসিসি'র রাজবাঁধের ওয়েস্ট গ্রাউন্ডের আট একর জমি কোম্পানিকে দেওয়া হবে। আগামী ১৮ মাসের মধ্যে কোম্পানি এই কার্যক্রম শুরু করবে। বর্জ্য অপসারণে কোম্পানি নিজস্ব বাহন ব্যবহার করবে। কেসিসি'র বাহন ব্যবহৃত হলে তার জন্য ভাড়া পরিশোধ করতে হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র বলেন, "পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য রেনেভোর প্রস্তাব দীর্ঘদিন পর্যালোচনার পর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করি।" সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি'র প্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, সচিব কাজী ফায়জুর রহমান, নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপার্সন শেখ আব্দুল কাইয়ুম, মহসচিব শেখ মোশাররফ হোসেনসহ নগরীর গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.