ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের আওরাহাটিতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে আনন্দ পরিবহনের ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে দুপুর ২টা দিকে পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হয়।
নিহতরা হলেন অটো রিকশার চালক আলী আকবর (৩৫), মোহন (২৫), আট বছরের একটি মেয়ে শিশু ও অজ্ঞাত এক মহিলা (২৫)। এই তিনজন অটোরিকশার যাত্রী। কারো পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটি মাওয়া থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় আওরাহাটিতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
হুমায়ন কবির বলেন, "আকবর ও মোহন ঘটনাস্থলেই মারা যায়। দুপুর ১টার দিকে মিটফোর্ড হাসপাতালে মারা যায় মহিলা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/আরএ/কেএমএস/১৬২২ ঘ.
bdnews24