ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে যাওয়ার পথে ব্যাংককে যাত্রা বিরতির সময় ছেলে আরাফাত রহমান কোকোকে দেখতে যাবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
চীনের উদ্দেশে শনিবার দুপুরে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন। তার ছোট ছেলে আরাফাত দুই বছর ধরে ব্যাংককে রয়েছেন। বড় ছেলে তারেক রহমান রয়েছেন লন্ডনে।
কয়েকটি মামলার আসামি আরাফাত ব্যাংকক এর প্রামা-৯ হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থাই এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইটে বিরোধীদলীয় নেতা ঢাকা থেকে রওনা হয়ে সন্ধ্যায় ব্যাংকক পৌঁছাবেন। সেখানে যাত্রাবিরতির সময় আরাফাতকে দেখতে তার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চীনের পথে রওনা হয়ে ব্যাংককে চেয়ারপারসনের যাত্রাবিরতি রয়েছে। পরদিন (রোববার) সকালে তিনি বেইজিংয়ের পথে ব্যাংকক ছাড়বেন।"
গ্যাটকো দুর্নীতি মামলায় আরাফাতকে ২০০৭ সালের সেপ্টেম্বরে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে ২০০৮ সালের মে মাসে থাইল্যান্ড যান তিনি। তবে বর্তমান সরকার তার সাময়িক মুক্তির মেয়াদ কয়েক দফা বাড়ানোর পর গত অগাস্টে আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়ে আরাফাতের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি এখনো বিচারধীন।"
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিং সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা। বেইজিংয়ে তিনদিন থাকবেন তিনি।
খালেদার সফরসঙ্গী থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, প্রেসসচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমেদ, ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ।
খালেদা জিয়া সর্বশেষ ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি ১৯৯৮ সালেও চীনে গিয়েছিলেন।
খালেদার এবারের চীন সফর নিয়ে মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ ও বিএনপির দীর্ঘ দিনের সম্পর্ক। এই সম্পর্কে আরো শক্তিশালী করতেই চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর হচ্ছে।
"সফরকালে বিরোধীদলীয় নেতা চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের সিনিয়র নেতাদের সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক শান্তি শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৪০ ঘ.
bdnews24