ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেছেন।
জয় বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির মোহাম্মদপুরে গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রাম কেন্দ্রে যান। সেখানে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সজিব ওয়াজেদ জয় সেখানে পৌঁছালে মুক্তিযোদ্ধারা তাকে উষ্ণভাবে স্বাগত জানান।
জয় মুক্তিযোদ্ধাদের জন্য ফল ও উপহার সামগ্রী নিয়ে যান। তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন।
তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
সজিব ওয়াজেদ জয় মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসিবে অভিহিত করে তাদের উদ্দেশ্যে বলেন, "আপনারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আপনাদের জন্যই আমরা এই নতুন প্রজন্ম একটি স্বাধীন দেশ পেয়েছি।"
তিনি মুক্তিযুদ্ধ ও এর আগের আন্দোলনের সঠিক ইতিহাস ও প্রকৃত ঘটনা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, "আপনারা সব দেখেছেন, আপনারা সব করেছেন। আপনারা নতুন প্রজন্মের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরুন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২২১৫ ঘ.
bdnews24