২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধের সুপারিশ

গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনকারী ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানে সরবরাহের সুপারিশ করেছে পণ্য উৎপাদক ও রপ্তানিকারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 05:35 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনকারী ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানে সরবরাহের সুপারিশ করেছে পণ্য উৎপাদক ও রপ্তানিকারকরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে রপ্তানি সমস্যা নিরসনের সুপারিশ চাওয়া হলে এ অভিমত পাঠানো হয়। সুপারিশে বলা হয়, গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূকে সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। রপ্তানিমুখী শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ নতুন লাইনের ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। রোববার ইপিবি কার্যালয়ে 'রপ্তানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা ও সমাধানে সুপারিশ' শীর্ষক এক সেমিনারে ২৬টি সমস্যার কথা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য আরো সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হল- যানজট কমানো, শিল্পঋণের উচ্চ সুদের হার কমানো, দেশের টেস্টিং ল্যারেটরিগুলোর মান উন্নয়ন, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ বৃদ্ধি। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত রপ্তানির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। "ভারতের নেগেটিভ লিস্টে থাকা ৪৮০টি পণ্য থেকে আরো ৬১টি বাদ দেওয়ার জন্য কাজ চলছে," বলেন তিনি। রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশ ট্রেড সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ফারুক খান আরো বলেন, দেশে আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাবরেটরি বাড়ানোর কাজ চলছে। এছাড়া বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী বছরের মধ্যে এ সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। সেমিনারে ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে তা জানতে চেয়ে দেশের চেম্বার, পণ্যভিত্তিক সমিতিসহ ২১৭টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছিল। তাদের মধ্য থেকে ৩৩টি প্রতিষ্ঠানে এসব সমস্যা পাওয়া গেছে। গত অর্থবছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ১৬২০ কোটি ডলারের পণ্য। আগের বছরের তুলনায় এর প্রবৃদ্ধির হার ৪ দশমিক ১১ শতাংশ। চলতি অর্থবছরে ১৮৫০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/ডিডি/এইচএ/২৩২৯ ঘ.