ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিআইবি'র প্রতিবেদনে পুলিশের সম্পর্কে যে তথ্য প্রকাশ হয়েছে তাতে সার্বিক চিত্র প্রতিফলিত হয়নি বলে মনে করছেন পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার।
শনিবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে টিআইবির গবেষকদের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ মহাপরিদর্শক বলেন, "ওই জরিপের কার্যক্রম বা প্রক্রিয়ায় পরিবর্তন দরকার। ১৪৯ জনকে প্রশ্ন করে পুলিশের বিষয়ে যে মতামত দেওয়া হয়েছে, তাতে সার্বিকভাবে মতামত হওয়ার অবকাশ কম।"
বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) বাংলাদেশ অংশের প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ৭৯ শতাংশ উত্তরদাতা পুলিশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসাবে চিহ্নিত করেছে।
আইজিপি হাসান মাহমুদ বলেন, "আমাদের সবসময় সচেতন থাকতে হবে জরিপ পূর্ণাঙ্গ হচ্ছে কি না এবং তা ভিত্তিমূলক জরিপ হচ্ছে কি না।"
"যে সংস্থাগুলোকে নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাদানকারি সংস্থা," উল্লেখ করে আইজিপি বলেন, "এই সংস্থাগুলোর সদস্যদের সেবা দেওয়ায় নিরুৎসাহিত করার মতো মন্তব্য আসে এমন উদ্যোগ যাতে না হয় সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ থাকবে।"
"বিব্রতকর অবস্থায় পড়ার যে খবর আছে তার পাশাপাশি পুলিশের অনেক সফলতাও আছে" উল্লেখ করে গুরুত্বপূর্ণ মতামত বা প্রতিবেদন দেওয়ার আগে সম্পূর্ণতার বিষয়ে সচেতন থাকার আবেদন জানান আইজিপি।
পুলিশের সফলতারও প্রচার হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আইজিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এবিএমজি কিবরিয়া।
সমিতির সাধারণ সম্পাদক সাবেক পুলিশ সুপার রফিকুল আলম অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/এমআই/পিডি/১৭৪২ ঘ.
bdnews24