ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্র শুক্রবার বিষপানে আত্মহত্যা করেছেন।
তার নাম মো. নাহাল (৩৮)। তিনি ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হলের এ-৮ নম্বর কক্ষে থাকতেন এবং ৪৭তম ব্যাচের শিক্ষার্থী বলে কলেজ সূত্রে জানা গেছে।
তার বাবার নাম আবুল খায়ের। বাড়ি সিলেটের বিশ্বনাথের চানসির খাতুন গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইসমাইল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাহাল সকাল সাড়ে ১১টার দিকে বিষপান করে তার কক্ষে ঢুকে। খবর পেয়ে পাশের কক্ষের শিক্ষার্থীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বেলা ২টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ২১ বছর আগে মেডিকেল কলেজে ভর্তি হয়ে এখনও পাশ করতে না পারায় ওই শিক্ষার্থী হতাশাগ্রস্ত ছিল।
এই হতাশা থেকেই নাহাল আত্মহত্যা করেছে বলে কলেজ উপাধ্যক্ষের ধারণা।
তার লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১৫২ ঘ.
bdnews24