ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালের একটি বাড়িতে মঙ্গলবারের অগ্নিকাণ্ডে দগ্ধ দুইজনের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুজন আলীর (২৫)।
মঙ্গলবার দুপুরে বংশাল থানার নাজিম উদ্দিন রোডের ৫৯/১ নম্বর বাড়ির নিচ তলায় আগুন লাগে।
এতে দগ্ধ হন সুজন আলী (২৫) ও মো. রিপন (৩৫)। তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুরের সানপাড়া গ্রামে।
ওইদিন দুপুর ১টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বংশাল থানার ওসি জমির উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে ঘরে স্তুপ করা কৌটায় আগুন ধরে যায় বলে জানা যায়।"
তিনি জানান, অগ্নিদগ্ধ রিপন সুজনের ভগ্নিপতি। চলতি মাসে তারা নিচ তলাটি ভাড়া নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০২৬ ঘ.
bdnews24