কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ সারা দেশে নকল প্রসাধনীতে বাজার ছেয়ে গেছে। প্রসাধনীর কৌটা বা পাত্র দেখে খোদ বিক্রেতারাও বুঝতে পারেন না কোনটা আসল আর কোনটা নকল।
পাইকারি বিক্রেতারা বলছেন, আসল-নকল ধরা পড়ে ব্যবহারের পর।
তারা জানান, বাজারে অনেক প্রসাধনীই রয়েছে যেগুলোর আসল বলে এখন আর কিছু নেই। আসল প্রসাধনীর প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনেক আগেই উঠে গেছে, সেই প্রসাধনীও নেই। কিন্তু একই নামের নকল প্রসাধনী বিক্রি হচ্ছে।
ভেজালবিরোধী অভিযানে মাঝে মাঝে কিছু নকল পণ্য ধরা পড়ে। পণ্য বিক্রেতার জরিমানাও হয়। তবে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আসল-নকল প্রসাধনী নির্ণয়ে তারা দক্ষ নন। তাই তাদের কিছু করার নেই।
রাজধানীর মৌলভীবাজারের প্রাসাধনীর দোকানের কর্মচারী শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওলে ব্র্যান্ডের যে ক্রীম ও লোশন বাজারে রয়েছে এবং আমরা বিক্রি করি সেগুলো আসল নয়।"
এমন আর কি কি ব্র্যান্ডের নকল প্রসাধনী বাজারে বিক্রি হচ্ছে- এ প্রশ্নের জবাবে শাহজাহানের সহকর্মী রুবেল বলেন, "নিভিয়া লোশন, লাক্স লোশন, মাস্ক লোশন, অ্যাকুয়া মেরিন লোশন, ফেডআউট ক্রীম ও আরো কিছু প্রসাধনী আছে যেগুলোর আসল এখন আর সহজে বাজারে খুঁজে পাওয়া যায় না।
"আসলটি না থাকলেও এসব ব্র্যান্ডের প্রসাধনীর ব্যাপক চাহিদা থাকায় অনিচ্ছা সত্ত্বেও যা আছে তাই বিক্রি করি।"
তিনি পরামর্শ দিয়ে বলেন, "সাধারণত আধা লিটারের কম পরিমাণের কৌটার তেল কারো ক্রয় করা উচিৎ নয়।"
শাহজাহান জানান, লোশন, ক্রীম ছাড়াও সাবান, সুগন্ধি ও ফেইস ওয়াস নকল হচ্ছে। বেশি নকল হয় ডাভ ও ইমপেরিয়াল ব্র্যান্ডের সাবান। সুগন্ধির মধ্যে নকল হয় হুগো, ফেরারি, পয়জন, রয়েল, হ্যাভক ও কোবরা। সেম্পুর মধ্যে বেশি নকল হচ্ছে হেড অ্যান্ড শোলডার, ল'রেল, রেভলন ও পেনটিন। নকল হচ্ছে বিদেশি সানসিল্ক শ্যাম্পুও।
তিনি বলেন, "জলপাইয়ের তেলও (ওলিভ ওয়েল) নকল হয়। এ ছাড়া কিওকারপিন, আমলা ও ভ্যাসেলিন হেয়ার টনিকও নকল হচ্ছে।"
একজন বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জের আটিগ্রামে এসব পণ্য নকল হয়।"
তিনি অভিযোগ করে বলেন, "পুলিশের যোগসাজশে এসব পণ্য চকবাজার ও মৌলভীবাজারের বিভিন্ন দোকানে আসে।"
মৌলভীবাজারে প্রসাধনীর পাইকারি দোকানের সংখ্যা রয়েছে প্রায় এক হাজার। এসব দোকান মরিয়ম প্লাজা, মমতাজ, হাবিবুল্লাহ, রহমান, খান, খাঁজা, ফালু, আফতাব প্লাজা, খাতুন, নাসিম প্লাজা, ফেন্সি, মনসুন খান প্লাজা, এমএইচ প্লাজা ও তাজমহল মার্কেটে অবস্থিত। এর সব মার্কেটেই নকল প্রসাধনী বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের যোগসাজশে কোনো অবৈধ প্রসাধনী চকবাজার ও মৌলভী বাজারে প্রবেশ করে না।"
তিনি বলেন, "বড় বড় কাভার্ড ভ্যানে করে এনে সবার সামনেই বিভিন্ন ধরনের কসমেটিক্স নামানো হয়। এসব পণ্য চীন থেকে আনা হয় বলে ব্যবসায়ীরা বলে থাকেন।"
ওসি বলেন, "এসব মাল আসল না নকল তা আমরা বুঝতে পারি না। এসব মাল কর দিয়ে এলসি খুলে আনা হয়। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে ওই সব কাগজপত্র দেখানো হয়।"
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কর্মকর্তা কেএম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের একটি দল নকল প্রসাধনী নিয়ে কাজ করছে। গত রমজান মাসে তাজমহল মার্কেটে অভিযান চালিয়ে পাঁচ দোকানদারকে ছয় লাখ টাকা জরিমানা করেছি আমরা।"
চীনা প্রসাধনী সম্পর্কে তিনি বলেন, "নিয়ম অনুযায়ী বন্দরে যাচাই হওয়ার পর এসব পণ্য দেশে প্রবেশ করার কথা।"
চিকিৎসকরা বলছেন, নকল প্রসাধনী ব্যবহারে ত্বকে বিভিন্ন ধরনের রোগ হয়।
ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক এস এম বখতিয়ার কামাল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের সাধারণ লাবণ্য নষ্ট হয়ে যায়। ত্বকে বিভিন্ন ধরনের এলার্জি, ব্রণ, মেছতা হয় ও কালো দাগ পড়ে। এমনকি ত্বকে ক্যান্সার হওয়ারও আশঙ্কা থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১১০৪ ঘ.
bdnews24