২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে গৃহবধূ অগ্নিদগ্ধ

রাজধানীর কদমতলী থানা এলাকায় এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। পুলিশ বলছে, ঘটনা রহস্যজনক; তদন্ত চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানা এলাকায় এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। পুলিশ বলছে, ঘটনা রহস্যজনক; তদন্ত চলছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কদমতলীর উত্তর মুরাদপুর হাইস্কুল রোড এলাকার ফজর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আছিয়া বেগমকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, আছিয়া ওই বাড়িতে থেকে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করতেন। তার গ্রামের বাড়ি যশোরে। স্বামী লিটনের সঙ্গে বনিবনা না হওয়ায় এ মাসেই দুই মেয়ে আশা (৯) ও বিপাশাকে (৭) নিয়ে ওই বাসায় ওঠেন তিনি। লিটন থাকেন আরামবাগে। স্বজনদের অভিযোগ, উদ্দেশ্য হাসিল করতে না পেরে বাড়িওয়ালা ফজর আলী তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ওদিকে ফজর আলী অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জের ধরে আছিয়া নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আছিয়ার ছোট বোন ময়না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১ ডিসেম্বর আছিয়া কদমতলীর ওই বাসা ভাড়া নেন। তিনি অভিযোগ করে বলেন, "বাসায় ওঠার পরই আছিয়ার ওপর বাড়িওয়ালা ফজর আলীর কু-দৃষ্টি পড়ে। বিভিন্নভাবেই সে কুপ্রস্তাব দিচ্ছিলো। বৃহস্পতিবার রাতে আছিয়া আশা-বিপাশাকে নিয়ে ঘুমিয়ে ছিলো। ভোররাত ৪টার দিকে বাড়িওয়ালা আছিয়ার কক্ষের দরজায় টোকা দেয়। তখন আছিয়া সরল মনে দরজা খুলে দেয়। কিন্তু বাড়িওয়ালা কুকাজের জন্য ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে আছিয়া ঘর থেকে বের হয়ে আসে। তখন ফজর আলী ক্ষীপ্ত হয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।" আশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মায়ের চিৎকারে তাদের দুই বোনের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পান তার মায়ের সারা শরীরে আগুন জ্বলছে। তখন আশপাশের মানুষকে দেখলেও বাড়িওয়ালাকে তারা দেখতে পায়নি। খবর পেয়ে নুরু নামে তাদের এক মামা তার মাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িওয়ালা ফজর আলী পুলিশকে জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জের ধরে আছিয়া শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/কেএমএস/১৫৪২ ঘ.