ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তদন্তের পর ওই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।
বুধবার বিকাল পৌনে ৫টায় নরসিংদী রেল স্টেশনে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর গোধূলি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর স্থানীয় সূত্রগুলো জানালেও যোগাযোগমন্ত্রী সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আবুল হোসেন বৃহস্পতিবার সেতু ভবনে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবার ক্ষতিপূরণ পাবেন।
কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণই দেওয়া হবে।
রেলওয়ে আইন অনুযায়ী, ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবার সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ পেতে পারে।
এক ট্রেনের ওপর অন্য ট্রেনের উঠে যাওয়াকে 'অস্বাভাবিক' বলে মনে করছেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, তদন্ত হচ্ছে, তদন্ত কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবে। তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনা তদন্তে রেলওয়ে দুটি এবং নরসিংদী জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24