কুড়িগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের রাজারহাটে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দিয়ে দণ্ডিত হলেন বাবা।
বাল্য বিয়ের দায়ে বর ও তার বাবাকেও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উমরমজিদ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেয়।
দণ্ডিতরা হলেন- কনের বাবা উমরমজিদ গ্রামের হোসেন আলী (৪৭) এবং বর ঘুমারু ভীমশীতলা গ্রামের এমদাদুল (২৪) ও তার বাবা কনছের আলী (৫০)।
আদালত তিনজনকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেয়।
কনের বাবা হোসেন আলী জরিমানার টাকা দিতে না পারায় তাকে কারাগারে পাঠানো হয়।
উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম খন্দকার সাংবাদিকদের জানান, সোমবার রাতে গোপনে হোসেন আলীর মেয়ে হাবিবা বেগমর (১৫) ও এমদাদুলের বিয়ে হয়।
কনের বাড়িতে অনুষ্ঠান হলে ঘটনাটি প্রকাশ পায়। মঙ্গলবার দুপুরে ছিল বরের বাড়িতে অনুষ্ঠান।
ইউপি চেয়ারম্যান জানান, এলাকাবাসী বিষয়টি জানালে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন।
পরে উমরমজিদ ইউনিয়ন পরিষদ চত্বরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির হয়ে বর ও কনে পক্ষ অপরাধ স্বীকার করেন।
রাজারহাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সাঈদ জানান, আদালতের নির্দেশে হোসেন আলীকে কারাগারে পাঠানো হয়।
ইউএনও রাহেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.
bdnews24