২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিন: দুই প্রতিষ্ঠান, এক ব্যক্তির জরিমানা

সেন্টমার্টিনের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় দু'টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 04:16 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চট্টগ্রাম/কক্সবাজার, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্টমার্টিনের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় দু'টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ে তাদের তলব করে এই দণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধের জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশের ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় দুটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে মোট ১৬ লাখ ৫৬ হাজার আটশ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে হোটেল ব্লু মেরিনকে ১০ লাখ টাকা, কেয়ারী লিমিটেডকে এক লাখ টাকা ও অবসরপ্রাপ্ত মেজর সোহেল রানাকে পাঁচ লাখ ৫৬ হাজার আটশ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ডের পাশাপাশি হোটেল ব্লু মেরিনকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এছাড়া কেয়ারী লিমিটেডকে ১৫ ডিসেম্বর এবং সোহেল রানাকে ২২ ডিসেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা ও উত্তোলন করা পাথর যথাস্থানে বসিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুনীর চৌধুরী বলেন, কেয়ারী লিমিটেড ও সোহেল রানা সাগর থেকে প্রবাল পাথর তুলে তা দিয়ে স্থাপনা তৈরি করেছেন। হোটেল ব্লু মেরিন কর্তৃপক্ষ সৈকতের সংরক্ষিত স্থানে তিনতলা ভবন নির্মাণ করেছে। এ হোটেলে আসা পর্যটকরা দ্বীপের পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত করেছে। জরিমানার টাকা বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় বরাবরে পরিশোধ করতে বলা হয়েছে। সোমবার সেন্টমার্টিনের শিলাবুনিয়ারগোলা ও বাদামবুনিয়া এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ৫৫ একর জমি উদ্ধার করে পরিবেশ অধিদপ্তর। এ সময় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় পাঁচ হাজার মেট্রিক টন শিলা পাথর, ৭৬ বস্তা সিমেন্ট, দুটি জেনারেটর, পাঁচ মেট্রিক টন শিলা চূর্ণ, ১৯০ প্যাকেট টাইলস ও বিপুল পরিমাণ প্রবাল পাথর। সোমবারের অভিযান শেষে চার ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে মঙ্গলবার কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে তলব করা হয়। এদের মধ্যে হোটেল বীচ হ্যাভেন, মোহাম্মদ সোলায়মান, কর্নেল মঈনুল ও আবিদ আজাদ মঙ্গলবার অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত এক প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে বুধবার সকাল ১১টার মধ্যে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমসি/ডিডি/২১৫১ ঘ.