২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসিআই নির্বাচন বয়কটকারীরা আইনের আশ্রয় নেবেন

চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) নির্বাচন বয়কটকারী 'ব্যবসায়ী পরিষদ' নেতারা আইনের আশ্রয় নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 10:06 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) নির্বাচন বয়কটকারী 'ব্যবসায়ী পরিষদ' নেতারা আইনের আশ্রয় নেবেন। ব্যবসায়ী পরিষদের নেতা ও সিসিসিআই এর সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এ কথা জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নির্বাচন কমিশন 'প্রক্সি' ও নমিনি ভোটারের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মানে নি।" এর মধ্য দিয়ে 'আদালত অবমাননা' হয়েছে দাবি করে জাভেদ চলমান নির্বাচন নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দেন। ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে পরিচালক পদে নির্বাচনে অংশ নেওয়া ব্যবসায়ী ও বিএনপি নেতা এরশাদ উল্লাহ এবং অন্যান্য নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সকাল ৯টায় সিসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। নমিনি ভোটারের ক্ষেত্রে আদালতের নির্দেশ মানা হচ্ছে না- এমন অভিযোগ এনে ব্যবসায়ী পরিষদ নির্বাচন বয়কট করে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনারকে 'পক্ষপাতদুষ্ট' আখ্যায়িত করে জাভেদ বলেন, "একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো স্বচ্ছতা নেই। গাড়ির চালক, ব্যক্তিগত সহকারী ও অফিসের কেরানিরা নমিনি ভোটার হিসেবে ভোট দিচ্ছেন।" মঙ্গলবার দুপুরে সিসিসিআই ভবনে গিয়ে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে। নির্বাচন কমিশনার নজমুল হক চৌধুরীও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে বলে জানান। আদালতের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণ চলছে বলে তিনি সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন। নির্বাচন বয়কট প্রসঙ্গে বণিক সমিতির বর্তমান সভাপতি ও সাংসদ এম এ লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রার্থীদের কেউ কেউ ভোট বর্জনের কথা বললেও ভোটাররা বর্জন করেনি। তাদের উপস্থিতিই তা প্রমাণ করে।" নমিনি ভোটার বিষয়ে ব্যবসায়ী পরিষদ নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আদালতের নিয়ম অনুসারেই ভোট গ্রহণ চলছে।" ভোটার তালিকায় নমিনি ভোটারের নামে ভুয়া ভোটার অন্তর্ভুক্তির অভিযোগে ৩০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়, নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ করেন ব্যবসায়ী পরিষদ নেতৃবৃন্দ। এ অভিযোগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগ গত ২ ডিসেম্বর সিসিসিআই নির্বাচনের উপর অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দেয়। পরে ৫ ডিসেম্বর চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও ব্যবসায়ী পরিষদ নেতা এম এ সালাম হাইকোর্টে স্থগিতাদেশের বিরুদ্ধে রিট আবেদন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশ আদালত সোমবার স্থগিত করায় নির্বাচন অনুষ্ঠানে বাধা দূর হয়। উল্লেখ্য, ২০১০- ১২ সাল মেয়াদের জন্য সিসিসিআই'র ২৪টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বাকি ১৮টি পরিচালক পদে নির্বাচনে ভোট শুরু হয়। নির্বাচনে সরকার দলীয় সাংসদ ও চেম্বারের বর্তমান সভাপতি এম এ লতিফের নেতৃত্বাধীন 'চেম্বার পরিষদ' এবং আরেক সরকার দলীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ও সমিতির সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নেতৃত্বাধীন 'ব্যবসায়ী পরিষদ' প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে তাদের দুজনই এবার প্রার্থী হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/১৫৫৭ ঘ.