ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার, মাগুরা, মানিকগঞ্জ ও সাতক্ষীরায় ট্রাক ও বাস চাপায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
সাভার:
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মিলিটারী ফার্মের সামনে ট্রাক চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত জাহাঙ্গীর আলম (৪০) আশুলিয়া থানার চানগাঁও এলাকার সিরাজ মোল্লার ছেলে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মিলিটারী ফার্মের কাছে একটি ট্রাক জাহাঙ্গীরকে চাপা দেয়।
মূমূর্ষ অবস্থায় তাকে সাভার সিএমএইচ এ নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
এসআই জানান, লাশ সাভার সিএমএইচ এ রয়েছে।
মাগুরা:
মহম্মদপুর উপজেলায় বাস চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ওলিয়ার রহমানের (২৫) বাড়ি মহম্মদপুরের বিনোদপুর গ্রামে।
মহম্মদপুর থানার ওসি এস এম সামছুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে বিনোদপুর এলাকায় মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে এর নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওলিয়ার নিহত হয়।
মানিকগঞ্জ:
পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
সদর থানার ওসি আবু তাহের মিয়া জানান, সোমবার রাত ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় পাটুরিয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
নিহতরা হলেন- বাস চালক মামুন (৪০), ট্রাক চালক হান্নান (৩৫) এবং বাসের যাত্রী মজনু মিয়া (৩০) । তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওদিকে মঙ্গলবার ভোর ৬টার দিকে সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর সড়কের গোবিন্দল বাজারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে দু'জন নিহত হন।
এরা হলেন- বিল্লাল (২৭) ও ফিরোজ (২০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সিংগাইর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
সাতক্ষীরা:
শহরের পলাশপোল এলাকায় ট্রাক চাপায় সোমবার মধ্যরাতে এক নৈশ প্রহরী নিহত হয়েছে।
নিহত আজমল হোসেন (২০) তালা উপজেলার নগরঘাটা গ্রামের কামরুল ইসলাম গাজীর ছেলে। তিনি শহরের পলাশপোল এলাকার ফারজানা ক্লিনিকের নৈশ প্রহরী।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন জানান, রাত ১২টার দিকে কর্মস্থল থেকে মটর সাইকেল নিয়ে শহরে আসার পথে পণ্যবাহী একটি ট্রাক আজমলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, ট্রাক ও এর চালক থানায় আটক আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৪৩ ঘ.
bdnews24