২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় আনসার কমান্ডারের লাশ

ঢাকার সাভারের আশুলিয়ায় এক আনসার কমান্ডারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 11:46 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

সাভার, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় এক আনসার কমান্ডারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সেলিম সর্দার (৪০) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটঝোরপুর এলাকার মৃত তারাজুল ইসলামের ছেলে। তিনি সাভার পল্লীবিদ্যুৎ আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সোমবার ভোরে আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ডের কাছে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে পথচারীরা তার লাশটি দেখতে পায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে বাসস্ট্যান্ডের কাছ থেকে সেলিমের লাশ উদ্ধার করা হয়। তিনি দুর্ঘটনায় মারা যেতে পারেন।" এসআই জানান, লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুপুরে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে নিহতের ছোট ভাই দুলু মিয়া বলেন, তার ভাইকে হত্যার পর লাশটি কেউ হয়তো ওই স্থানে ফেলে গেছে। সোমবার সকালে তার শফিপুর আনসার একাডেমিতে যোগ দেওয়ার কথা ছিলো বলেও জানান দুলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৪৩ ঘ.