চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় ছিনতাইকারীর চুরিকাঘাতে রেলওয়ের একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুল হাই মজুমদার (৫৭) চট্টগ্রাম রেলওয়ের বাজেট অফিসার ছিলেন। তার বাড়ি কুমিল্লা জোলার নাঙ্গলকোট থানার বড় ফতেপুর গ্রামে।
কোতোয়ালী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজনিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে সুবর্ণ এক্সপ্রেস যোগে আব্দুল হাই ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। পুরাতন রেল স্টেশনে নেমে তিনি রিকশায় চড়ে বাসায় যাচ্ছিলেন।
তিনি বলেন, "রাত ১১টার দিকে স্টেশন রোডের 'গোল্ডেন ইন' হোটেলের সামনে আব্দুল হাই কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তারা আব্দুল হাইয়ের কাছ থেকে একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় এবং তার হাঁটুর পেছনের অংশে চুরিকাঘাত করে।"
গুরুতর আহত অবস্থায় রাতেই আব্দুল হাই মজুমদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম।
নাজনিন সুলতানা জানান, পায়ের রগ কাটা যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল হাই মারা গেছেন।
এ ঘটনায় নিহতের ভাতিজা সাজ্জাদ বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এজে/১৬২৯ ঘ.
bdnews24