ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামের জন্য খোলা ও বোতলে সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে, বলেছেন বাণিজ্যমন্ত্রী।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য জন্য প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ হয়েছে ৮৬ টাকা। চট্টগ্রাম ও আশপাশের এলাকার ক্ষেত্রে তা ৮৪ টাকা।
ঢাকার জন্য বোতলে প্রতি লিটার তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হতে পারে ৯৮ টাকা ৯০ পয়সা। চট্টগ্রামের ক্ষেত্রে তা হতে পারে সর্বোচ্চ ৯৬ টাকা ৬০ পয়সা।
এছাড়া দেশের অন্য এলাকায় দুই ধরনের তেলের ক্ষেত্রে পরিবহন ব্যয়ের কারণে লিটারপ্রতি এক থেকে দেড় টাকা দাম বেশি হতে পারে বলে জানান বাণিজ্য সচিব গোলাম হোসেন।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী ফারুক খান একথা জানান।
ঢাকার বাজারে বর্তমানে বোতলে প্রতি লিটার সয়াবিন তেল ১১০-১১৫ বিক্রি হচ্ছে। খোলা তেল প্রতি কেজি ৯৬-৯৭ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান মৌলভীবাজারের ব্যবসায়ীরা।
ফারুক খান বলেন, "আমরা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি জানান, প্রতি লিটার সয়াবিন মিলগেটে ঢাকা ও আশপাশের জন্য ৮৩ টাকা এবং চট্টগ্রামের জন্য ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ভোজ্যতেল আমদানি ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকরা ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
'অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা'
কেউ অতিরিক্তি দাম নিলে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, "ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম কাজ করছে। কেউ অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করে। তাই স্থানীয় বাজারে দাম নির্ধারণ করার লক্ষ্যে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের একটি গঠন করা হয়েছে।"
ফারুক খান জানান, একমাস পর পার এ কমিটি বসে ভোজ্যতেলের দাম নির্ধারণ করবে। তবে প্রথম বৈঠকটি হবে আগামী ১৫ দিন পর।
তিনি আরো বলেন, "এখন থেকে কেজি বা মনে কোনো ভোজ্যতেল বিক্রি হবে না। শুধুমাত্র লিটারের হিসাবে বিক্রি হবে।"
রোববার ঢাকার খুচরা বাজারে প্রতিলিটার খোলা সয়াবিনের মূল্য ৯১ থেকে ৯২ টাকা ছিল বলেও জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/পিডি/১৯৩২ ঘ.
bdnews24