নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির হরতালের সমালোচনা করে ক্ষমতাসীন মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে হরতাল হয় না। তারা হরতাল ডাকলে বলা হয় ষড়যন্ত্র।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে শ্রমিক নেতা আবুল বাশারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি মেনন এ কথা বলেন।
বিরোধীদলের দুটি হরতালের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিকেন্দ্রিক ক্ষুদ্র স্বার্থের জন্য হরতাল আহবান করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছে।
"একটি বাড়ির জন্য হরতাল দেওয়া দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। জনগণ এ হরতালকে সমর্থন করে না", বলেন মেনন।
ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহার সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ, পাটকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন মাহমুদ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল বাশার গত ৭ নভেম্বর মারা যান। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24