২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ দাবি

পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের একটি সংগঠন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের একটি সংগঠন। চুক্তির ১৩ বছর পূর্তিতে বৃহস্পতিবার রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে মিছিল সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ বিভিন্ন সংগঠন। জনসংহতি সমিতি রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেছে, ডিসেম্বরের মধ্যে চুক্তি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ না নিলে জানুয়ারি থেকে আন্দোলনে যাবে দলটি। ঢাকায় এক আলোচনা সভায় দলটির সভাপতি পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়্যারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, "আওয়ামী লীগ সরকার দুই বছরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি।" অন্যদিকে চুক্তি বাতিলের দাবি তুলেছে, পাহাড়ে পুনর্বাসিত বাঙালিদের সংগঠন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বিগত আওয়ামী লীগ সরকারের সময় শান্তিচুক্তির মধ্য দিয়ে পার্বত্যাঞ্চলের প্রায় দুই দশকের সংঘাতের অবসান ঘটে। স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত শান্তিবাহিনী ওই সময় অস্ত্র সমর্পণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রাঙামাটি: সকাল ১১টার দিকে রাঙামাটি জিননেসিয়াম প্রাঙ্গণে সমাবেশ করে জনসংহতি সমিতি। রাঙমাটি শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- দলের কেন্ত্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা প্রমুখ। সমাবেশে জেলার বিভিন্ন স্থান কয়েক হাজার আদিবাসী যোগ দেয়। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের কার্যালয়ে আলোচনা সভা করা হয়। অন্যদিকে পাহাড়ে পুনর্বাসিত বাঙালিদের সংগঠন পার্বত্য সম অধিকার আন্দোলনের জেলা শাখা চুক্তিকে সংবিধান পরিপন্থী আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন। বান্দরবান: জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় রাজনীতি বিষয়ক সম্পাদক লক্ষ্মীপ্রসাদ চাকমা বলেছেন, চুক্তির ১৩ বছর পরও সরকার তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করছে না। বৃহস্পতিবার সকালে বান্দরবান টাউন হলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেএসএস জেলা শাখার সভাপতি সাধুরাম ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেএসএস সাবেক সভাপতি কে এস মং, আঞ্চলিক পরিষদ সদস্য উনুপ্র" মারমা, জেএসএস মহিলা সমিতির সভাপতি ওয়াইচিংপ্র" প্রমুখ। এর আগে সকাল ১০টায় জেএসএস জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের ট্রাফিক মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান। খাগড়াছড়ি: বিকালে সদর উপজেলা মাঠে সমাবেশ করেছে জনসংহতি সমিতি (মানবেন্দ্র লারমা গ্র"প)। গ্র"পটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহালছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কাকলী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সভাপতি রূপায়ন দেওয়ান, সুধা সিন্ধু খীসা, তাতিন্দ্র লাল চাকমা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ কার্যকর করা হচ্ছে না। তারা পার্বত্য চুক্তি অনুযায়ী ভূমি কমিশন গঠনের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.