২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের বিরুদ্ধে ঋণখেলাপের মামলা

ঋণখেলাপের অভিযোগে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সিরাজগঞ্জ অর্থঋণ আদালতে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঋণখেলাপের অভিযোগে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সিরাজগঞ্জ অর্থঋণ আদালতে। মামলায় গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ উদ্যোগের প্রতিষ্ঠাতা ইউনূস ছাড়াও গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলের পরিচালক ডা. জাফরউল্লাহ্ চৌধুরীকে বিবাদি করা হয়েছে। ঋণের প্রায় ৪ কোটি টাকা পরিশোধ না করার অভিযোগে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক সাদেকুল ইসলাম বাদি হয়ে বুধবার মামলাটি করেন। সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের আইনজীবী নূরুল আমিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিবাদিরা সবাই এ ঋণের জামিনদার ও ঋণগ্রহণের সঙ্গে জড়িত। লিগ্যাল নোটিশ দেওয়ার পরও তারা টাকা পরিশোধ না করায় মামলা করা হয়েছে। অর্থঋণ আদালতের বিচারক জেলা যুগ্ম জজ মতিয়ার রহমান মামলাটি আমলে নিয়েছেন।" ইউনূসের বিরুদ্ধে ইউরোপের দেওয়া কোটি কোটি টাকা গ্রামীণ ব্যাংক থেকে সরানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্য চিত্রে এই অভিযোগ করা হয়। গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলসকে প্রধান বিবাদি করে দায়ের করা এ মামলার অন্য বিবাদিরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম শিশির, পরিচালক মো. জাকারিয়া, ডা. আব্দুল কাশেম চৌধুরী, সন্ধ্যা রায়, রোকেয়া পারভীন নীলু, দিলরুবা খাতুন, লুৎফুল্লা হিল মজিদ ও অর্থনৈতিক গ্র"পের পরিচালক তরুণ চক্রবর্তী এবং গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খালেদ সামস্ ও গ্রামীণ উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামীম আনোয়ার। মামলায় বলা হয়, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ উদ্যোগ এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে অবস্থিত গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস যৌথভাবে টেক্সটাইল প্রকল্প নামে একটি ব্যবসা পরিচালনা শুরু করে। প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা ব্যবসায় পুঁজি ও উৎপাদন বৃদ্ধির জন্য সোস্যাল ইসলামী ব্যাংকের সিরাজগঞ্জ শাখা থেকে তিন ধাপে ২ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৭৮ টাকা বিভিন্ন সময়ে ঋণ নেন। এ ঋণের টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় বিবাদিদের কাছে ব্যাংক সুদসহ ৩ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ২১ টাকা পাওনা হয়েছে। মামলায় আরো বলা হয়, ঋণের টাকা পরিশোধ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ বার বার তাগাদা ও লিগ্যাল নোটিশ দিলেও ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠান দুটো। সোস্যাল ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিবাদিরা ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮৩৯ ঘ.