সিরাজগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার জনসভাস্থলের কাছে ট্রেনে আগুন দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর সমর্থক এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে ওই ঘটনায় বিএনপি ও জামায়াতের ৮৪ জনকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার ঝিকিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষক আব্দুল মজিদকে (৪০)। তিনি উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক ও বেলকুচি উপজেলার দৌলতপুর পশ্চিমপাড়ার আবু তাহেরের ছেলে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মজিদ সয়দবাদের মুলিবাড়ীতে ট্রেনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে স্কুল অভ্যন্তরে জামায়াতের নেতাকর্মী নিয়ে সরকারবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিলেন।"
মজিদকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনীর দায়ের করা মামলায় মজিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত ১১ অক্টোবর খালেদার জনসভার কাছে মুলিবাড়ীতে চলন্ত ট্রেনের ধাক্কায় সাতজন নিহত হলে বিক্ষুব্ধ জনতা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় মোট আটটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24