পটুয়াখালী, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি তৎপরতার জন্য কালো তালিকাভুক্ত সংগঠন আল্লাহর দলের এক সদস্যকে পটুয়াখালীর এক গ্রাম থেকে বোমাসহ আটক করেছে র্যাব।
গ্রেপ্তার মো. জহির হাওলাদার (৩৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
র্যাব বলছে, বুধবার রাত ১১টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার জলিসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি হাতবোমা এবং দুইটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর সামশের উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহিরকে আটক করা হয়েছে। তিনি আল্লাহর দলের হয়ে দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে অস্ত্র ও বিস্ফোরক পৌঁছে দিচ্ছিলেন।
তিনি বলেন, "গত দুর্গা পূজার সময় দক্ষিণাঞ্চলের বিভিন্ন মণ্ডপে তারা বোমা হামলার পরিকল্পনা করেছিলো। তবে গোয়েন্দা তৎপরতায় তাদের ওই অপতৎপরতা নস্যাৎ হয়ে যায়।"
জহির সাংবাদিকদের জানান, আল্লাহর দলের প্রধান সাভারের মো. জসিম তাকে বোমাগুলো দিয়েছেন। তিনি সংগঠনের বরিশাল অঞ্চলের প্রধান মো. ফরিদের কাছে বোমাগুলো পৌঁছে দেওয়ার জন্য রাতে জলিসা নদীর পাড়ে অপেক্ষা করছিলেন।
তিনি আরো জানান, নারায়ণগঞ্জের শফিকুল ইসলাম দলের হয়ে বোমা তৈরি করছেন এবং সাভারের শহিদ নামের একজন দলের প্রধান অর্থ যোগানদাতা হিসেবে কাজ করছেন।
র্যাব কর্মকর্তা শামসের সাংবাদিকদের আরো জানান, জহিরের দেওয়া তথ্য অনুযায়ী আল্লাহর দলের অন্য সদস্যদের আটক করার জন্য অভিযান চলছে।
জহিরকে আটক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫৮ ঘ.
bdnews24