ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপন্ন পাখিদের আচরণ ও চলাচলের পথ সনাক্ত করতে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে প্রথমবারের মতো পরিযায়ী পাখির পায়ে রিং পরানো হয়েছে।
বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে এক সেমিনারে বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক এ তথ্য জানান।
বাংলাদেশ বার্ড ক্লাব ও যুক্তরাজ্যের দি ওয়েটল্যাণ্ড ট্রাস্ট এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, "পাখিদের আচার-আচরণ, আবাসস্থল ও চলাচলের পথ সনাক্তকরণের জন্য এবারই প্রথমবারের মতো সোনাদিয়া দ্বীপে ছয় প্রজাতির ৩৫টি পরিযায়ী পাখির পায়ে রিং পরানো হলো।"
ছয় প্রজাতির পাখি হলো- ছোট ধুলজিরিয়া, ছোট চাপাখি, লালঘাড় চাপাখি, পাতি লালপা, টেরেক বাটান এবং কালচে ফুটকি।
ইনাম আল হক জানান, বাংলাদেশের পাখির মধ্যে খুদে বকের পায়ে রিং পরানো হয়েছে। এজন্য সোনাদিয়া দ্বীপে গত ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ক্যাম্প স্থাপন করা হয়।
ছয় প্রজাতির ওইসব পাখিদের বিপন্ন পাখি আখ্যায়িত করে তিনি বলেন, সোনাদিয়া দ্বীপে প্রায় ১০ হাজার পারিযায়ী পাখি আসে। কিন্তু সেখানে পাখি শিকার করা হচ্ছে। পাখির আবাসস্থল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে।
সম্মেলনে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধ স্টেফান প্রেসনার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যের উপর প্রভাব পড়ছে। এই প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করছে ইউএনডিপি।
জীববৈচিত্র্যের জন্য সোনাদিয়া দ্বীপকে একটি গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ করে তিনি বলেন, "এই দ্বীপ বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এখানে বন্দর স্থাপন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে জীববৈচিত্র্য যাতে হুমকির মুখে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।"
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বৃটিশ পাখি বিশেষজ্ঞ নিক ডায়মন্ড, অ্যান্ড্রু পিয়ের্স, পল থমসন, থাইল্যাণ্ডের পাখিবিদ ফিলিপ রাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২৩৪৭ ঘ.
bdnews24